‘গ্রিন দুর্গাপুজো’ করলেই পুরস্কার! সেরা মণ্ডপ পাবে ১ লাখ টাকা, চালু নতুন অ্যাপ – এবেলা

এবেলা ডেস্কঃ
আসন্ন দুর্গাপুজোয় পরিবেশ সুরক্ষা ও পরিচ্ছন্নতার ওপর বিশেষ জোর দিতে এক অভিনব উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। পরিবেশবান্ধব ও বর্জ্যমুক্ত পুজোর আয়োজনকে উৎসাহিত করতে চালু করা হচ্ছে ‘গ্রিন দুর্গাপুজো এক্সেলেন্স অ্যাওয়ার্ড’। রাজ্যস্তরে সেরা পুজো কমিটি পাবে ১ লক্ষ টাকার বিশেষ পুরস্কার। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
পুরস্কারের ৪টি বিশেষ বিভাগ: পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা বজায় রাখা, সামাজিক সচেতনতা তৈরি এবং স্থানীয় মানুষের অংশগ্রহণের মতো বিষয়ের ওপর ভিত্তি করে সেরা পুজো নির্বাচন করা হবে। বিভাগগুলি হলো:
- শ্রেষ্ঠ গ্রিন দুর্গাপুজো: সম্পূর্ণ পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার এবং প্রকৃতি রক্ষায় পরিবেশবান্ধব পদক্ষেপ গ্রহণ।
- শ্রেষ্ঠ পরিচ্ছন্ন ও বর্জ্য স্মার্ট পুজো: পুজোমণ্ডপ ও সংলগ্ন এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং বর্জ্য ব্যবস্থাপনায় সঠিক পদক্ষেপ গ্রহণ।
- শ্রেষ্ঠ সচেতনতা উদ্যোগ: পরিবেশরক্ষা ও বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে দর্শনার্থীদের মধ্যে সচেতনতামূলক কর্মসূচি পালন।
- কমিউনিটি এনগেজমেন্ট অ্যাওয়ার্ড: পুজোকে কেন্দ্র করে সামাজিক কর্মকাণ্ড ও স্থানীয় মানুষের সক্রিয় অংশগ্রহণ।
পুরস্কার মূল্যের তালিকা:
- রাজ্যস্তর: প্রথম স্থানাধিকারী পুজো কমিটি পাবে ১ লক্ষ টাকা। দ্বিতীয় ও তৃতীয় স্থানের জন্য যথাক্রমে ৮০ হাজার টাকা ও ৫০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।
- জেলাস্তর: প্রতিটি জেলা থেকে নির্বাচিত সেরা পুজো কমিটিকে দেওয়া হবে ২৫ হাজার টাকা করে।
আবেদন ও মূল্যায়ন পদ্ধতি: পুরস্কারের জন্য আবেদনের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। পুজো কমিটিগুলি ‘গ্রিন দুর্গাপুজো ইভ্যালুয়েশন অ্যাপ’ এবং ‘স্বচ্ছ অ্যাপ’-এর মাধ্যমে আবেদন করতে পারবে। ইতিমধ্যেই রাজ্যজুড়ে প্রায় ২ হাজার পুজো কমিটি এতে আবেদন জানিয়েছে। একটি বিশেষজ্ঞ দল পুজো মণ্ডপগুলির সার্বিক কাজ সরেজমিনে খতিয়ে দেখে বিজয়ী কমিটি চূড়ান্ত করবে।
মণ্ডপে মিলবে চারা গাছ: দুর্গাপুজোর ভিড়কে কাজে লাগিয়ে সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনাও করেছে সরকার। পুজো মণ্ডপগুলিতে বিশেষ স্টল তৈরি করে দর্শনার্থীদের মাঝে নিখরচায় চারা গাছ বিলি করা হবে। মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, এই উদ্যোগে পুজো কমিটিগুলিকে সক্রিয়ভাবে অংশ নিতে উৎসাহিত করা হচ্ছে।
