সব বিনিয়োগকারীকে স্বাগত, কিন্তু শর্ত একটাই! নাম না করে কি প্রাক্তন সরকারকেই তোপ দাগলেন মুখ্যমন্ত্রী? – এবেলা

এবেলা ডেস্কঃ
কোজাগরী লক্ষ্মীপুজোর দিন রাজ্যে শিল্পসংস্থান ও অর্থনৈতিক সমৃদ্ধির নতুন বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুরের রামনগরে এক দুর্ঘটনায় নিহত কল্পনা জানার শোকসন্তপ্ত পরিবারের হাতে সরকারি সহায়তা তুলে দেওয়ার পর তিনি একাধিক বিষয়ে মুখ খোলেন। রাজ্যের বেকার যুবকদের কর্মসংস্থান, পরিযায়ী শ্রমিকদের প্রত্যাবর্তন এবং কৃষকদের কল্যাণের জন্য প্রার্থনা জানানোর পাশাপাশি তিনি স্পষ্ট জানান, রাজ্যে নতুন কাজের গতি প্রতিনিয়ত বজায় থাকবে। বর্তমানে বহু জাতীয় ও বৃহৎ শিল্পগোষ্ঠী পশ্চিমবঙ্গে বিনিয়োগে আগ্রহী এবং ইতিমধ্যই বিভিন্ন প্রকল্পের ‘ভূমিপূজন’ সম্পন্ন হয়েছে। শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নের পাশাপাশি যুবকদের দক্ষতা বৃদ্ধিতে একাধিক আইআইটি এবং আদানি-সহ শীর্ষ শিল্প সংস্থার সঙ্গে চুক্তি হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
তবে পূর্ববর্তী তৃণমূল সরকারের শিল্পনীতি এবং বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের (বিজিবিএস) তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। আগের আমলের বাণিজ্য সম্মেলনগুলোকে অপচয় আখ্যা দিয়ে তিনি অভিযোগ করেন, অতীতে শিল্পের নামে শত শত কোটি টাকা ধ্বংস করা হয়েছে এবং প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে। বর্তমান প্রশাসনের কর্মপদ্ধতি তুলে ধরে তিনি মন্তব্য করেন, বিশাল অঙ্কের অর্থ অপচয়ের বদলে অতি সাধারণ চা-বিস্কুট বৈঠকের মাধ্যমেই বড় বড় কাজ সম্পন্ন করা হচ্ছে। রাজ্যে শিল্প স্থাপন ও নতুন বিনিয়োগের ক্ষেত্রে সব স্বচ্ছ বিনিয়োগকারীকে স্বাগত জানিয়ে তিনি বার্তা দেন, কেবল প্রতারকদের জন্যই সরকারের দরজা চিরতরে বন্ধ থাকবে।
