অবাক কাণ্ড গড়িয়ায়! চুরি করতে ঢুকে শেষমেশ ফ্রিজ খুলে জন্মদিনের কেক সাবাড় চোরের দলের – এবেলা

এবেলা ডেস্কঃ
দক্ষিণ কলকাতার গড়িয়ার ফরতাবাদ এলাকায় ঘটে গেল এক অদ্ভুত চুরির ঘটনা। সোশাল মিডিয়ায় পাঁচ লাখ টাকার সোনার নেকলেসের ছবি দেখে চুরির পরিকল্পনা করেছিল তিন চোরের একটি দল। সেই সুযোগে রাতে বাড়ির গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে তারা। তবে গৃহকর্ত্রী আগেভাগেই সেই মূল্যবান নেকলেসটি নিরাপদ স্থানে সরাতে সক্ষম হওয়ায় চোরদের হাত খালিই থেকে যায়। শেষমেশ আলমারিতে থাকা নগদ ৪০ হাজার টাকা এবং দুটি সোনার পলাবাঁধানো হাতিয়ে নিতে সক্ষম হয় মুখোশধারী তিন দুষ্কৃতী।
তবে আসল চমক দেখা যায় এর পরেই! দীর্ঘ সময় ধরে পাঁচ লাখি নেকলেসের সন্ধান চালিয়ে ক্লান্ত ও ক্ষুধার্ত চোরের দল সোজা পৌঁছে যায় রান্নাঘরের ফ্রিজের সামনে। সেখানে থাকা জন্মদিনের একটি কেক তারা সম্পূর্ণ চেটেপুটে খেয়ে সটকে পড়ে। পরবর্তীতে পরিবারটি ফ্রিজে কেক না পেয়ে সন্ধানে নামলে সিসিটিভি ফুটেজে চোরদের এই অদ্ভূত কুকীর্তি নজরে আসে। কালো পোশাকে ঢাকা থাকায় দুষ্কৃতীদের এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। আপাতত সিসিটিভি ফুটেজের ওপর ভিত্তি করে সোনারপুর থানার পুলিশ ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে।
