সমাজমাধ্যমে পোস্টের মামলায় ভবানীপুর থানায় হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

সমাজমাধ্যমে পোস্টের মামলায় ভবানীপুর থানায় হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

সমাজমাধ্যমে করা একটি পোস্টের প্রেক্ষিতে তলব পেয়ে ভবানীপুর থানায় হাজিরা দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত ২ মে এক্স হ্যান্ডেলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়ে করা একটি মন্তব্যের জেরে তাঁর বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের আগেই শনিবার দুপুরে তিনি থানায় পৌঁছান। এই পোস্টের ভিত্তিতে গত ২৭ মে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল।

অভিযোগকারী অর্ণবকান্তি দাসের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর পোস্টে জ্ঞানেশ কুমারকে ‘বাংলাবিরোধী গুজরাতি গ্যাংয়ের হাতের পুতুল’ বলে কটাক্ষ করেছেন। অভিযোগকারীর মতে, এই ধরনের মন্তব্য ঘৃণা ছড়ানো, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা এবং জাতীয় সংহতির পক্ষে ক্ষতিকর। এই অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় সাংসদের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। বিদ্বেষ ছড়ানো, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা এবং গুজব ছড়ানোর মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।

উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যে একাধিক মামলা দায়ের করা হয়েছে। এর আগে শুক্রবার অন্য একটি মামলায় পুলিশ তাঁর বাড়িতে হাজিরার নোটিস দিয়ে এসেছিল। গিরিশ পার্ক থানায় দায়ের হওয়া সেই মামলায় পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সেই মামলায় আগামী ২০ নভেম্বর তাঁকে তলব করা হয়েছে। সব মিলিয়ে আইনি জটিলতার মধ্যেই শনিবার ভবানীপুর থানায় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন ডায়মন্ড হারবারের সাংসদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *