ভবানীপুর থানায় হাজিরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, আইনি জটিলতায় তৃণমূল সাংসদ

নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়ে সমাজমাধ্যমে করা একটি পোস্টের জেরে তলব পেয়ে শনিবার ভবানীপুর থানায় হাজিরা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত ২৭ মে দায়ের হওয়া ১২১ নম্বর মামলার প্রেক্ষিতে কলকাতা পুলিশ তাঁকে এই নোটিস পাঠিয়েছিল। অভিযোগ, ওই পোস্টে বিদ্বেষমূলক মন্তব্য করা হয়েছিল এবং নির্দিষ্টভাবে নির্বাচন কমিশনারকে নিশানা করা হয়েছিল। এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
ভবানীপুর থানার পাশাপাশি আরও একটি আইনি জটিলতায় জড়িয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ। পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে গিরিশ পার্ক থানার পক্ষ থেকেও তাঁকে তলব করা হয়েছে। আগামী ২০ নভেম্বর দুপুর ১টায় তাঁকে ওই থানায় হাজিরা দিতে বলা হয়েছে। অভিযোগ, পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা সহ কয়েকজন পুলিশ আধিকারিককে নিয়ে করা তাঁর মন্তব্যে হুমকির সুর ছিল। গত ৩১ অক্টোবর এই ঘটনায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়।
অভিযোগকারীর দাবি, নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছিলেন, তা সরাসরি পুলিশকে হুমকি দেওয়ার শামিল। এই মামলায় তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগও আনা হয়েছে। সব মিলিয়ে দুটি পৃথক মামলায় তৃণমূলের এই শীর্ষ নেতার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করেছে কলকাতা পুলিশ।
