গঙ্গাসাগর মেলায় হেলিকপ্টার পরিষেবা ও উন্নত যাতায়াত ব্যবস্থার উদ্যোগ রাজ্য সরকারের

গঙ্গাসাগর মেলায় হেলিকপ্টার পরিষেবা ও উন্নত যাতায়াত ব্যবস্থার উদ্যোগ রাজ্য সরকারের

আসন্ন গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের যাতায়াত সহজ করতে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এবার মেলায় হেলিকপ্টার পরিষেবা চালু করা হচ্ছে। ৮ থেকে ১০টি হেলিকপ্টার ভাড়ায় চালানো হবে, যেখানে সিট বুকিং করে পুণ্যার্থীরা খুব সহজেই মেলায় পৌঁছাতে পারবেন। এর ফলে হাতে কম সময় থাকা দেশ-বিদেশের তীর্থযাত্রীরা সকালে এসে পুজো দিয়ে বিকেলের মধ্যেই ফিরে যেতে পারবেন। রাজ্য সরকারের আশা, এই পরিষেবা মেলায় আসা মানুষের জন্য বড় সুবিধা বয়ে আনবে।

গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক স্তরে উন্নীত করার লক্ষ্যে এবার বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। নদী পারাপারের জন্য বার্জের সংখ্যা বাড়ানো হচ্ছে। আগে যেখানে চার-পাঁচটি বার্জ চলত, এবার ১৫ থেকে ২০টি বার্জ চালানোর পরিকল্পনা রয়েছে। এছাড়া মুড়িগঙ্গা নদীর ড্রেজিং এবং লট নম্বর এইটে অতিরিক্ত যাত্রীশেড তৈরির কাজও হাতে নেওয়া হয়েছে। পুণ্যার্থীদের ভিড় সামলাতে রাজ্যের বিভিন্ন প্রান্তে হোল্ডিং সেন্টার বাড়ানো হবে এবং তীর্থযাত্রীদের সবরকম সুযোগ-সুবিধা দেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে।

নিরাপত্তা ও যাতায়াত ব্যবস্থার উন্নতির জন্য ডায়মন্ডহারবার থেকে কাকদ্বীপ পর্যন্ত ১১৭ নম্বর জাতীয় সড়কে অতিরিক্ত আলোর ব্যবস্থা করা হচ্ছে। চালকদের মদ্যপান রোধে পুলিশকে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। পুণ্যার্থীরা যাতে কোনোভাবেই হেনস্তার শিকার না হন, সে বিষয়েও প্রশাসনকে সতর্ক করা হয়েছে। সব মিলিয়ে এবারের গঙ্গাসাগর মেলাকে আগের চেয়ে আরও সুশৃঙ্খল ও উন্নত করার লক্ষ্যে কাজ করছে রাজ্য প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *