২৯৮ বছরে পদার্পণ কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী বুড়িমার পুজোর, থাকছে বিশেষ চমক

২৯৮ বছরে পদার্পণ কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী বুড়িমার পুজোর, থাকছে বিশেষ চমক

কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী বুড়িমার পুজো এ বছর ২৯৮ বছরে পদার্পণ করল। রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরে শুরু হওয়া এই পুজোর বিশেষ আকর্ষণ হলো দেবীর সাজসজ্জা। প্রতি বছরের মতো এবারও দেবীকে ৭২টি বেনারসি শাড়ি এবং প্রায় ২২ কেজি সোনা ও রুপোর গহনায় সাজিয়ে তোলা হবে। মুকুট, চিক, মালা, সীতাহার, বালা, মানতাসা ও নূপুরসহ বিভিন্ন জড়োয়ার গয়নায় সেজে উঠবেন দেবী। ভক্তদের বিশ্বাস, মানত পূর্ণ হলে তাঁরা দেবীকে এই গয়না নিবেদন করেন, যা দীর্ঘদিনের ঐতিহ্যে পরিণত হয়েছে।

এবারের পুজোয় ভক্তদের জন্য থাকছে বিশেষ চমক। মন্দির কর্তৃপক্ষের উদ্যোগে প্রায় ২০ কেজি ওজনের অষ্টধাতুর চরণ স্থাপন করা হচ্ছে। কাঁসার থালায় রাখা এই চরণদ্বয়ের উদ্বোধন হবে ১৮ নভেম্বর বাৎসরিক পুজোয়। এতদিন পুজোর মরসুম ছাড়া মন্দিরে প্রতিমা থাকত না, তবে এবার থেকে সারা বছরই ভক্তরা সকাল ও সন্ধ্যায় দু’বেলা সেখানে পুজো দেওয়ার সুযোগ পাবেন।

উদ্যোক্তাদের সূত্রে জানা গেছে, ১৭ নভেম্বর দুপুর ১২টা থেকে মানতের সামগ্রী গ্রহণ শুরু হবে এবং সন্ধ্যায় দেবীকে অলংকারে সাজানো হবে। প্রথা মেনে ১৮ নভেম্বর একই দিনে সপ্তমী, অষ্টমী ও নবমীর পুজো সম্পন্ন হবে। ১৯ নভেম্বর সকাল ৭টা ২২ মিনিটে নিরঞ্জনের পুজো হবে এবং এরপর ভক্তদের কাঁধে চড়েই দেবী জলঙ্গি ঘাটে বিসর্জনের উদ্দেশ্যে যাত্রা করবেন। এই বিশেষ আয়োজনকে ঘিরে কৃষ্ণনগরের ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *