বোলপুরে পুলিশকে গুলি কাণ্ডে আরও ২ জন গ্রেপ্তার, এনকাউন্টারে মৃত রতন শেখের পরিবারে শোক

বোলপুরে পুলিশকে গুলি কাণ্ডে আরও ২ জন গ্রেপ্তার, এনকাউন্টারে মৃত রতন শেখের পরিবারে শোক

বোলপুরে পুলিশ কনস্টেবলকে গুলি করার ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম রমেশ লোহার ও নূর হোসেন শেখ। গত ১৩ নভেম্বর শান্তিনিকেতন থানার লায়েক বাজার এলাকায় পুলিশ কনস্টেবল বিশ্বজিৎ দাসকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্ত ছিল রতন শেখ। ওই ঘটনায় বিশ্বজিৎ দাসের বাঁ হাঁটুতে গুলি লাগে এবং তিনি বর্তমানে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর রতন শেখকে গ্রেপ্তার করা হলেও পুলিশের দাবি, অস্ত্র উদ্ধারের সময় সে পুলিশের ওপর পুনরায় গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে রতন শেখের মৃত্যু হয়।

বীরভূমের পুলিশ সুপার বিদিত রাজ ভুন্দেশ জানিয়েছেন, রতন শেখের দেওয়া তথ্যের ভিত্তিতেই বাকি দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, অস্ত্র উদ্ধারের জন্য নানুরের একটি ইটভাটায় নিয়ে যাওয়ার সময় রতন শেখ পুলিশের ওপর গুলি চালায়। পুলিশের গাড়িতে সেই গুলি লাগলে পাল্টা গুলিতে রতন জখম হয় এবং পরে হাসপাতালে তার মৃত্যু হয়। রতন শেখের বিরুদ্ধে শান্তিনিকেতন, বোলপুর ও নানুর থানায় অন্তত তিন ডজন মামলা ছিল।

এদিকে, রতন শেখের এনকাউন্টারে মৃত্যু মেনে নিতে পারছে না তার পরিবার। রতনের বৌদি চম্পা বিবি জানান, রতন অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ছিল এবং তার বিরুদ্ধে অনেক মামলা ছিল, তা তারা অস্বীকার করছেন না। তবে পুলিশের হাতে তার মৃত্যুতে তারা ক্ষুব্ধ। পরিবারের দাবি, রতনকে গ্রেপ্তার করার পর তাকে জেলে পাঠানো যেত বা আইন অনুযায়ী সাজা দেওয়া যেত। এভাবে গুলি করে মেরে ফেলাটা তারা কোনোভাবেই সমর্থন করছেন না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *