কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ ভাট

কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ ভাট

কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানে লস্কর-ই-তইবার শীর্ষ কমান্ডার লতিফ ভাট নিহত হয়েছে। গত এক বছর ধরে পুলিশ ও সেনা তাকে খুঁজছিল। দক্ষিণ কাশ্মীরের বাসিন্দা লতিফ একসময় কাঠমিস্ত্রির কাজ করলেও গত বছরের নভেম্বর মাসে নিখোঁজ হয়ে জঙ্গি সংগঠনে যোগ দেয়। খুব অল্প সময়ের মধ্যেই সে লস্করের ‘এ’ ক্যাটেগরিভুক্ত বিপজ্জনক কমান্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিল।

পুলিশের তথ্য অনুযায়ী, অনন্তনাগে কর্তব্যরত পুলিশকর্মী হত্যা এবং কুলগামে দুই পরিযায়ী শ্রমিককে খুনের ঘটনায় লতিফের সরাসরি হাত ছিল। এছাড়া টিআরএফ এবং কাশ্মীর রেভলিউশনারি আর্মির মতো সংগঠনের সঙ্গেও তার গভীর যোগসাজশ ছিল। গত ১১ নভেম্বর কুলগামের আখরানে সিআরপিএফ চেকপোস্টে হামলার ঘটনায় সিসিটিভি ফুটেজে লতিফের উপস্থিতি নিশ্চিত হয়েছিল। তার সহযোগী উমর নিসার দার গত ১৬ নভেম্বর নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হলেও লতিফ পালিয়ে যেতে সক্ষম হয়েছিল।

বুধবার ভোরে কুলগামের একটি মসজিদে লতিফের লুকিয়ে থাকার খবর পেয়ে যৌথবাহিনী তাকে ঘিরে ফেলে। আইনানুগভাবে তাকে আত্মসমর্পণের সুযোগ দেওয়া হলেও সে তা প্রত্যাখ্যান করে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। এরপর পাল্টা গুলিতে ঘটনাস্থলেই ওই জঙ্গি কমান্ডারের মৃত্যু হয়। পুলিশের দাবি, মসজিদটির যাতে কোনো ক্ষতি না হয়, সেদিকে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছিল। বর্তমানে লতিফের নেটওয়ার্ক ও সহযোগীদের ধরতে তল্লাশি অভিযান চালাচ্ছে গোয়েন্দারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *