মহারাষ্ট্রে যানজটে আটকে অ্যাম্বুলেন্স, বেলুন গিলে মৃত্যু ৮ মাসের শিশুর

মহারাষ্ট্রে যানজটে আটকে অ্যাম্বুলেন্স, বেলুন গিলে মৃত্যু ৮ মাসের শিশুর

মহারাষ্ট্রের রায়গড়ের বামনগাঁওয়ের বাসিন্দা আট মাস বয়সী শিশু সুশীল ঠাকুর খেলার ছলে একটি বেলুন গিলে ফেলে। এর ফলে শিশুটির শ্বাসকষ্ট শুরু হলে আতঙ্কিত বাবা-মা তাকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে আলিবাগ জেলা জেনারেল হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে রওনা হন। কিন্তু মাঝপথে বেলকাডে-আলিবাগ সড়কে রাস্তা নির্মাণের কাজের জন্য তৈরি হওয়া তীব্র যানজটে অ্যাম্বুলেন্সটি আটকে পড়ে।

অভিযোগ, রাস্তা নির্মাণের সময় জরুরি পরিষেবা চলাচলের জন্য কোনো বিকল্প ব্যবস্থা রাখা হয়নি। দীর্ঘ দেড় ঘণ্টা যানজটে আটকে থাকার সময় অ্যাম্বুলেন্সের মধ্যেই মায়ের কোলে ছটফট করতে করতে শিশুটির মৃত্যু হয়। শিশুটির বাবা বারবার রাস্তা খালি করার অনুরোধ জানালেও কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত বিকেল চারটে নাগাদ অ্যাম্বুলেন্সটি হাসপাতালে পৌঁছালে চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।

এই মর্মান্তিক ঘটনায় রাস্তা নির্মাণকারী কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় মানুষ। জরুরি পরিস্থিতিতে অ্যাম্বুলেন্স চলাচলের পথ সুগম না রেখে কেন পুরো রাস্তা বন্ধ রাখা হলো, তা নিয়ে প্রশ্ন উঠছে। সঠিক সময়ে চিকিৎসা না পাওয়ায় একটি নিষ্পাপ শিশুর অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *