কলকাতা মেডিক্যাল কলেজে শো-কজ ঘিরে উত্তেজনা, অধ্যক্ষকে ঘেরাও পড়ুয়াদের

কলকাতা মেডিক্যাল কলেজে শো-কজ ঘিরে উত্তেজনা, অধ্যক্ষকে ঘেরাও পড়ুয়াদের

চোরবাগান পুজো মণ্ডপে পদপিষ্ট হওয়ার ঘটনায় আহতদের স্থানান্তরের সিদ্ধান্তের সমালোচনা করায় কলকাতা মেডিক্যাল কলেজের আট জন ইন্টার্নকে শো-কজ করা হয়েছে। ডিউটিরত অবস্থায় সাংবাদিক বৈঠক করে শৃঙ্খলাভঙ্গ এবং সরকারি হাসপাতালে ওষুধ অমিল থাকার ভিত্তিহীন অভিযোগ তোলার অভিযোগে এই নোটিস দেওয়া হয়। ন্যাশনাল মেডিক্যাল কমিশনের নিয়ম অনুযায়ী, ডিউটিতে থাকাকালীন এ ধরনের বিবৃতি দেওয়া যায় না বলেই কর্তৃপক্ষের দাবি।

এই শো-কজ নোটিস প্রত্যাহারের দাবিতে বুধবার মেডিক্যাল কলেজ চত্বরে উত্তাল পরিস্থিতি তৈরি হয়। জুনিয়র চিকিৎসকদের দাবি, ঘটনার দিন জরুরি বিভাগে ট্রানিজ্যামিক অ্যাসিডের মতো প্রয়োজনীয় ওষুধের অভাব ছিল, যা তারা প্রকাশ্যে তুলে ধরেছিলেন। কলেজ কাউন্সিলের বৈঠকে প্রাথমিকভাবে শো-কজ প্রত্যাহারের ইঙ্গিত মিললেও পরে অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাস সেই অবস্থান থেকে সরে আসেন বলে অভিযোগ।

অধ্যক্ষের এই সিদ্ধান্তের প্রতিবাদে বুধবার বিকেল থেকে তাকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন চিকিৎসক পড়ুয়ারা। স্বাস্থ্য ভবনের স্পষ্ট নির্দেশ রয়েছে যে, শো-কজ করা আট জন ইন্টার্নকে অবশ্যই কারণ দর্শানোর নোটিসের উত্তর দিতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এই কড়া বার্তার পর শো-কজ প্রত্যাহার করা সম্ভব নয় বলে জানিয়ে দেওয়া হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, অধ্যক্ষের কার্যালয়ে তাকে ঘিরে রেখে বিক্ষোভ অব্যাহত রেখেছেন আন্দোলনরত পড়ুয়ারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *