কলেজ স্ট্রিটে এসএফআই স্টল পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে বিমান বসু

কলেজ স্ট্রিটে এসএফআই স্টল পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে বিমান বসু

কলেজ স্ট্রিটে এসএফআই-এর বইয়ের স্টল পরিদর্শনে গিয়ে এবিভিপি সমর্থকদের বিক্ষোভের মুখে পড়লেন সিপিএম নেতা বিমান বসু। বুধবার তিনি স্টল ঘুরে দেখার সময় পাশেই থাকা এবিভিপি-র স্টল থেকে তাঁর বিরুদ্ধে ‘গো ব্যাক’ স্লোগান তোলা হয়। বিমান বসুর সঙ্গে ছিলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীও। বিমান বসু গাড়ি পর্যন্ত পৌঁছানোর সময় বিক্ষোভকারীরা তাঁর সামনে এসে হাততালি দিয়ে স্লোগান দিতে থাকেন। এই পরিস্থিতির মুখে পড়েও বিমান বসু শান্তভাবে জানান যে, তিনি সেখানে বই বিক্রি করতে বা থাকতে আসেননি, বরং তাঁর অন্য মিটিং রয়েছে।

গত মঙ্গলবার থেকেই কলেজ স্ট্রিট চত্বরে এসএফআই-এর বুক স্টল বসানোকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। বুধবার সকালে একই জায়গায় এবিভিপি পাল্টা স্টল বসানোর চেষ্টা করলে দুই ছাত্র সংগঠনের মধ্যে সংঘাত চরমে পৌঁছায়। এসএফআই-এর দাবি, যুগ্ম পুলিশ কমিশনারের অনুমতি নিয়েই তারা স্টল দিয়েছে। অন্যদিকে, এবিভিপি দাবি করে ওই নির্দিষ্ট জায়গায় তাদের স্টল বসানোর কথা ছিল। দুই সংগঠনের মুখোমুখি অবস্থানে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যারিকেড তৈরি করলেও তা ভেঙে যায়। দুই পক্ষের মধ্যে বচসা ও ধস্তাধস্তি শুরু হয়। এসএফআই-এর অভিযোগ, এবিভিপি সমর্থকরা তাদের ব্যানার ছিঁড়ে ফেলেছে এবং স্টলের কাঠের কাঠামো তুলে নিয়ে গেছে। এই রাজনৈতিক সংঘর্ষের জেরে বইপাড়ায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশি তৎপরতায় পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হলেও দীর্ঘক্ষণ ধরে চলে এই বিশৃঙ্খলা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *