কলকাতা মেডিক্যাল কলেজে অধ্যক্ষ ঘেরাও ও হাতাহাতি, বৃহস্পতিবার প্রতিবাদী মিছিলের ডাক

চোরবাগান কাণ্ডে আহতদের স্থানান্তরের বিষয়ে মন্তব্য করায় আট জন ইন্টার্নকে শো-কজ় নোটিস দেয় কলকাতা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। এই নোটিস প্রত্যাহারের দাবিতে বুধবার অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাসকে ঘেরাও করেন চিকিৎসক-পড়ুয়াদের একাংশ। মেডিক্যাল স্টুডেন্টস কাউন্সিলের নেতৃত্বে চলা এই বিক্ষোভ চলাকালীনই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) এবং ন্যাশনাল মেডিকোস অর্গানাইজেশন (এনএমও)-এর সমর্থকরা সেখানে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, অধ্যক্ষের ঘরের বাইরের করিডরের কাচ ভেঙে ফেলা হয় এবং কোলাপসিবল গেটের তালা ভাঙার চেষ্টা করা হয়। ঘটনার সময় হাতাহাতির পরিস্থিতি তৈরি হয় এবং এক আন্দোলনকারী পড়ুয়ার মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগও ওঠে। যদিও এবিভিপি ও এনএমও নেতৃত্ব হামলার অভিযোগ অস্বীকার করেছে। এনএমও-র দাবি, তারা ঘেরাও কর্মসূচির প্রতিবাদে সেখানে গিয়েছিল এবং পুলিশের নির্দেশ মেনে পরে সরে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং রাতে অধ্যক্ষকে পুলিশি প্রহরায় কলেজ চত্বর থেকে বের করা হয়।
অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাস জানিয়েছেন, এই ঘটনায় অভিযোগ দায়ের করা হবে এবং পুলিশি তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করা হবে। এদিকে, এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুর ২টো থেকে মেডিক্যাল কলেজে একটি প্রতিবাদী জমায়েতের ডাক দেওয়া হয়েছে। কোনো নির্দিষ্ট সংগঠনের ব্যানার ছাড়াই এই জমায়েত হবে এবং এরপর কলেজ স্ট্রিট পর্যন্ত একটি মিছিল বের করা হবে বলে আন্দোলনকারীরা জানিয়েছেন।
