কাঠের দরজা মেঝেতে ঘষা লাগলে বাড়িতেই সারিয়ে নিন সহজ উপায়ে

দীর্ঘদিন ব্যবহারের ফলে বা বর্ষার আর্দ্রতায় কাঠ ফুলে গেলে অনেক সময় দরজার নিচের অংশ মেঝেতে ঘষা লাগতে শুরু করে। এর ফলে মেঝেতে দাগ পড়ার পাশাপাশি দরজা খোলার সময় বিকট আওয়াজ হয়। এছাড়া নতুন টাইলস বসানোর কারণেও দরজার নিচের ফাঁকা জায়গা কমে গিয়ে এই সমস্যা তৈরি হতে পারে। তবে ছোটখাটো এই ত্রুটিগুলো কাঠমিস্ত্রি ছাড়াই বাড়িতে থাকা সাধারণ সরঞ্জামের সাহায্যে সহজেই সমাধান করা সম্ভব।
দরজার কব্জা আলগা হয়ে গেলে স্ক্রু ড্রাইভার দিয়ে তা টাইট করে নেওয়া প্রয়োজন। যদি স্ক্রু বসানোর জায়গাটি বড় হয়ে যায়, তবে সেখানে দেশলাই কাঠি বা কাঠের আঠা ব্যবহার করে জায়গাটি ভরাট করে স্ক্রু শক্ত করা যায়। এছাড়া কব্জার প্লেটের পিছনে পাতলা কার্ডবোর্ড দিয়ে সাপোর্ট দিলে দরজার অবস্থানে পরিবর্তন এনে ঘষা লাগা বন্ধ করা সম্ভব। তবে কার্ডবোর্ড বসানোর সময় দরজার ভারসাম্য বজায় রাখা জরুরি।
বর্ষাকালে আর্দ্রতার কারণে দরজা ফুলে গেলে ঘষা লাগা অংশটি চিহ্নিত করে স্যান্ডপেপার দিয়ে হালকা ঘষে নিতে হয়। ঘষার পর ওই অংশে বার্নিশ লাগিয়ে দিলে আর্দ্রতা আর কাঠের ভেতরে ঢুকতে পারে না। যদি দরজা বন্ধ করার সময় আটকে যায়, তবে বুঝতে হবে সমস্যাটি স্ট্রাইক প্লেটে রয়েছে। দরজার ফ্রেমে লাগানো এই ধাতব প্লেটটি ঠিকমতো বসানো না থাকলে ছিটকিনি আটকে যায়, যা পুনরায় সঠিক অবস্থানে বসিয়ে নিলেই সমস্যার সমাধান হয়।
