২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম: পিউ রিসার্চের সমীক্ষা

২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম: পিউ রিসার্চের সমীক্ষা

পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক এক সমীক্ষায় বিশ্বের ধর্মীয় জনসংখ্যার ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। গবেষকদের পূর্বাভাস অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে বিশ্বে মুসলিম জনসংখ্যা প্রায় ২৫৭ কোটিতে পৌঁছাতে পারে। একই সময়ে খ্রিস্টান জনসংখ্যা দাঁড়াতে পারে প্রায় ২৫২ কোটিতে। ২০২০ সালের তথ্য অনুযায়ী, বিশ্বে খ্রিস্টান জনসংখ্যা ছিল ২২৭ কোটি এবং মুসলিম জনসংখ্যা ছিল ২০২ কোটি।

বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তনের মূল কারণ ধর্মান্তকরণ নয়, বরং স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধি বা জন্মহারের পার্থক্য। ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে মুসলিম মহিলাদের সন্তান জন্ম দেওয়ার গড় হার ছিল ৩.১, যেখানে খ্রিস্টান মহিলাদের ক্ষেত্রে এই হার ছিল ২.৫। বর্তমান প্রবণতা বজায় থাকলে ২০৭০ সালের মধ্যে মুসলিম জনসংখ্যা ৩৬০ কোটি ছাড়িয়ে যেতে পারে, যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৩৭ শতাংশ হবে। একই সময়ে খ্রিস্টান জনসংখ্যা প্রায় ৩০০ কোটিতে পৌঁছাতে পারে বলে অনুমান করা হচ্ছে।

হিন্দু জনসংখ্যার ক্ষেত্রেও পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। ২০২০ সালে বিশ্বে প্রায় ১১৮ কোটি হিন্দু থাকলেও ২০৭০ সালে তা বেড়ে ১৩৮ কোটিতে পৌঁছাতে পারে। তবে বিশ্ব জনসংখ্যার অনুপাতে হিন্দুদের অংশীদারিত্ব ১৪.৯ শতাংশ থেকে কমে ১৩.৬ শতাংশ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বৌদ্ধ ধর্মাবলম্বীদের সংখ্যা হ্রাস পাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে এবং আগামী চার দশকে আমেরিকায় খ্রিস্টানরা সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারেন বলেও সমীক্ষায় উল্লেখ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *