প্রয়াত মালদার প্রবীণ রাজনৈতিক নেতা আবু নাসের খান চৌধুরী

মালদার প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব আবু নাসের খান চৌধুরী ৯২ বছর বয়সে প্রয়াত হয়েছেন। ‘লেবুবাবু’ নামে পরিচিত এই নেতার মৃত্যুতে মালদা তথা রাজ্যের রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর প্রয়াণের খবর কোতোয়ালি ভবনে পৌঁছাতেই পরিবার ও পরিজনদের মধ্যে শোকের পরিবেশ তৈরি হয়। দীর্ঘদিনের পরিচিত পরিচারিকা মল্লিকা দাসও তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত।
শিক্ষাজীবনে অত্যন্ত মেধাবী আবু নাসের ১৯৫১ সালে মালদা কলেজ থেকে ম্যাট্রিকুলেশন এবং ১৯৫৬ সালে স্নাতক সম্পন্ন করেন। এরপর উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি দিয়ে ১৯৬৫ সালে লিভারপুল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর, ১৯৭৬ সালে লিসেস্টার বিশ্ববিদ্যালয় থেকে এমফিল এবং ১৯৮৬ সালে জুরিখ বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। গনি খান চৌধুরীর পরিবারের সদস্য হিসেবে কংগ্রেসের হাত ধরে তাঁর রাজনৈতিক জীবনের সূচনা হয়।
২০০৯ সালের উপনির্বাচনে সুজাপুর বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে বিধায়ক নির্বাচিত হন তিনি। ২০১১ সালের বিধানসভা নির্বাচনেও তিনি একই আসন থেকে জয়ী হন। পরবর্তীতে ২০১৫ সালে তিনি তৃণমূলে যোগ দেন। তাঁর মৃত্যুতে প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীররঞ্জন চৌধুরী এবং কংগ্রেস সাংসদ ইশা খান চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। মালদার রাজনীতি ও সমাজজীবনে আবু নাসের খান চৌধুরীর অবদান অনুরাগীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।
