রাজ্যের পরিকাঠামো নির্মাণে ফিরল কেন্দ্রীয় সংস্থা, বড় সিদ্ধান্ত নবান্নের

রাজ্যের রাস্তা ও সেতু নির্মাণের মতো গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্পে কেন্দ্রীয় সংস্থাগুলিকে পুনরায় যুক্ত করার সিদ্ধান্ত নিল নবান্ন। রাজ্য অর্থ দফতরের অডিট শাখার জারি করা নির্দেশিকা অনুযায়ী, ওয়েস্ট বেঙ্গল ফিনান্সিয়াল রুলসের ৪৭ডি ধারার অধীনে কেন্দ্রীয় সংস্থাগুলিকে ফের অ্যানেক্সার-ডি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, ন্যাশনাল বিল্ডিংস কনস্ট্রাকশন কর্পোরেশন, রাইটস লিমিটেড এবং ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড এখন থেকে রাজ্যের বড় নির্মাণ প্রকল্পের বরাত পেতে পারবে।
উল্লেখ্য, ২০১২ সালে এই নিয়ম চালু হলেও পরবর্তীকালে কেন্দ্র-রাজ্য নীতিগত সংঘাতের জেরে কেন্দ্রীয় সংস্থাগুলিকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। তবে এবার পূর্ত দফতরের নির্দেশিকা অনুযায়ী, পিডব্লিউডি শিডিউল অফ রেটস-এর সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্যপাল এই সংস্থাগুলিকে পুনরায় কাজের সুযোগ দেওয়ার অনুমোদন দিয়েছেন। ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী আরও কেন্দ্রীয় সংস্থা বা নিগমকে এই তালিকায় যুক্ত করার সুযোগ রাখা হয়েছে।
কাজের স্বচ্ছতা বজায় রাখতে নবান্নের তরফে বেশ কিছু কঠোর শর্ত আরোপ করা হয়েছে। তালিকাভুক্ত সংস্থাগুলিকে সমস্ত টেন্ডার প্রক্রিয়া রাজ্য বা কেন্দ্রীয় সরকারের ই-টেন্ডার পোর্টাল অথবা জেম পোর্টালের মাধ্যমে সম্পন্ন করতে হবে। এছাড়া প্রকল্প রূপায়ণের প্রতিটি স্তরে সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের নির্দেশিকা মেনে চলা বাধ্যতামূলক করা হয়েছে। এই নির্দেশিকা অবিলম্বে কার্যকর হচ্ছে এবং রাজ্যের সমস্ত দফতর ও জেলা প্রশাসনকে এ বিষয়ে অবহিত করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে রাজ্যে থমকে থাকা বড় পরিকাঠামো প্রকল্পগুলির কাজ দ্রুত গতি পাবে বলে আশা করা হচ্ছে।
