মুম্বইয়ে তিনটি বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া নিলেন আমির খান, মাসিক ভাড়া ৩৮ লক্ষ টাকা

বলিউড অভিনেতা আমির খান মুম্বইয়ের সান্তাক্রুজ ওয়েস্ট এলাকায় তিনটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন। নর্থ অ্যাভিনিউয়ের ‘সিজন্স ত্রিমূর্তি’ আবাসনের ১১, ১২ এবং ১৪ তলায় অবস্থিত এই ফ্ল্যাটগুলোর মোট আয়তন ১২,২০০ বর্গফুট। এই চুক্তির জন্য অভিনেতাকে প্রতি মাসে ৩৮ লক্ষ টাকা ভাড়া দিতে হবে, যার ফলে বছরে তাঁর ভাড়াবাবদ খরচ দাঁড়াবে ৪.৫৬ কোটি টাকা।
চুক্তির শর্ত অনুযায়ী, প্রতি বছর ভাড়ার পরিমাণ ৫ শতাংশ হারে বৃদ্ধি পাবে। চার বছরের এই লিভ অ্যান্ড লাইসেন্স চুক্তির মেয়াদ ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে শুরু হয়ে ২০৩০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। এই চুক্তির আওতায় আমির খান মোট ৯টি গাড়ি পার্কিংয়ের সুবিধা পাবেন। রক্ষণাবেক্ষণ খরচ, জল কর এবং মিউনিসিপ্যাল ট্যাক্সসহ যাবতীয় কর বাড়িওয়ালা বহন করবেন। তবে চুক্তির শর্তানুসারে, ভাড়াটে হিসেবে আমির খান ফ্ল্যাটগুলোর কাঠামোগত কোনো পরিবর্তন বা স্থায়ী সংযোজন করতে পারবেন না।
উল্লেখ্য, আমির খান এর আগেও মুম্বইয়ের রিয়েল এস্টেট বাজারে বড় অঙ্কের বিনিয়োগ ও ভাড়ার চুক্তি করেছেন। ২০২৫ সালে তিনি পালি হিলের ‘উইলনোমোনা অ্যাপার্টমেন্টস’-এ চারটি ফ্ল্যাট মাসিক ২৪.৫ লক্ষ টাকা ভাড়ায় নিয়েছিলেন। এছাড়া ২০২৪ সালের জুনে পালি হিলের ‘বেলা ভিস্তা অ্যাপার্টমেন্টস’-এ একটি ফ্ল্যাট ৯.৭৫ কোটি টাকায় কিনেছিলেন তিনি। বান্দ্রা ও পঞ্চগনিসহ মুম্বইয়ের বিভিন্ন এলাকায় অভিনেতার একাধিক সম্পত্তি রয়েছে। নতুন এই চুক্তি নিয়ে আমির খান বা সংশ্লিষ্ট ডেভেলপার সংস্থার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
