কসবায় চুরির ঘটনায় গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার, উদ্ধার খোয়া যাওয়া গয়না

কসবায় চুরির ঘটনার তদন্তে নেমে এক মহিলা সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম চুমকি পাঁজা ওরফে প্রিয়াঙ্কা। তিনি যাদবপুরের বিজয়গড় এলাকার বাসিন্দা এবং বর্তমানে লালবাজারের বিল্ডিং ডিপার্টমেন্টে কর্মরত ছিলেন। এর আগে তিনি হরিদেবপুর থানাতেও দায়িত্ব পালন করেছেন।
গত ১৬ নভেম্বর কসবার বেদিয়াডাঙা ফার্স্ট লেনের বাসিন্দা দিপালী মাহাত চৌহানের বাড়িতে চুরির ঘটনাটি ঘটে। অভিযোগ অনুযায়ী, ওইদিন দুপুর সাড়ে ১২টা থেকে রাত ৮টার মধ্যে বাড়িতে কেউ না থাকার সুযোগে দুষ্কৃতীরা নগদ ৩ হাজার টাকা এবং বেশ কিছু সোনা ও রুপোর গয়না চুরি করে নিয়ে যায়। রাতে বাড়ি ফিরে গৃহকর্ত্রী চুরির বিষয়টি বুঝতে পেরে কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ এলাকার একাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে। ফুটেজে এক মহিলার সন্দেহজনক গতিবিধি এবং একটি স্কুটির সন্ধান পান তদন্তকারীরা। সেই সূত্র ধরেই চুমকি পাঁজাকে চিহ্নিত করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকা হয়। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদের সময় তাঁর বিরুদ্ধে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে।
এরপর তাঁর বিজয়গড়ের বাড়িতে তল্লাশি চালিয়ে চুরি যাওয়া সমস্ত গয়না উদ্ধার করা হয় এবং চুরিতে ব্যবহৃত স্কুটিটিও বাজেয়াপ্ত করা হয়। সমস্ত তথ্যপ্রমাণ পাওয়ার পর পুলিশ তাঁকে গ্রেফতার করে।
