বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে তাঁর বাসা থেকে আটক করেছে পুলিশ। আটকের সময় তিনি ফেসবুক লাইভে এসে জানান, পুলিশ তাঁর বাসায় উপস্থিত হয়েছে। তবে তাঁকে ঠিক কী কারণে আটক করা হচ্ছে, সে বিষয়ে তিনি অবগত নন বলে দাবি করেন। তিনি আরও বলেন, কোনো অন্যায়ের সঙ্গে তিনি জড়িত নন এবং থানা থেকে ডাকলে তিনি নিজেই যেতেন। লাইভে তিনি তাঁর বাবা-মাকে ভয় না পাওয়ার অনুরোধ জানান।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ নিয়ে বিতর্ক তৈরি হয়। সেই গ্রুপের সদস্য তালিকায় জ্যোতিকা জ্যোতির নাম ছিল। যদিও অভিনেত্রী তখন ফেসবুক ভিডিওর মাধ্যমে দাবি করেছিলেন, আন্দোলন চলাকালীন ঢাকার পরিস্থিতি সম্পর্কে মানুষকে অবগত করার উদ্দেশ্যেই গ্রুপটি খোলা হয়েছিল, কোনো ক্ষতি করার জন্য নয়।

উল্লেখ্য, জ্যোতিকা জ্যোতি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ২০১৬ সালের উপনির্বাচন এবং ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ আসন থেকে দলের মনোনয়ন চেয়েছিলেন, তবে মনোনয়ন পাননি। ২০০৪ সালে সৌন্দর্য প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন জগতে আসা এই অভিনেত্রী ‘অনিল বাগচীর একদিন’, ‘লাল মোরগের ঝুটি’ ও ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’-এর মতো চলচ্চিত্রে অভিনয়ের জন্য পরিচিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *