বিয়ের মরসুমে স্বস্তি, একধাক্কায় অনেকটা কমল সোনা ও রুপোর দাম

বিয়ের মরসুমের মাঝেই সোনা ও রুপোর দামে বড়সড় পতন লক্ষ্য করা গেল। স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির ২০ নভেম্বরের সূচক অনুযায়ী, ২২ ক্যারেট বা ৯১৬ বিশুদ্ধতার সোনার দাম গ্রামপ্রতি ৬৫০ টাকা কমে ১১,৬৮৫ টাকায় দাঁড়িয়েছে। আগের দিন এই দর ছিল ১২,৩৩৫ টাকা। ফলে ১০ গ্রাম সোনা কিনলে ক্রেতাদের খরচ ৬,৫০০ টাকা পর্যন্ত কমতে পারে। তবে এই মূল্যের সঙ্গে জিএসটি ও গয়নার মজুরি আলাদাভাবে যুক্ত হবে।
২৪ ক্যারেট বা ফাইন গোল্ডের দামও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। বৃহস্পতিবার গ্রামপ্রতি ১২,৯৮৬ টাকা থাকলেও শুক্রবার তা কমে ১২,২৯৮ টাকায় নেমেছে। অর্থাৎ ৬৮৮ টাকা পতন হয়েছে। পাশাপাশি ১৮ ক্যারেট সোনার দাম ১০,১৩০ টাকা থেকে কমে ৯,৫৯০ টাকায় দাঁড়িয়েছে। সোনার পাশাপাশি রুপোর দামেও বড় পতন দেখা গিয়েছে। এক কেজি ৯৯৯ বিশুদ্ধতার রুপোর দাম ৯,৪৮০ টাকা কমে ১,৫২,৯৫৬ টাকায় নেমেছে, যা আগের দিন ছিল ১,৬২,৪৩৬ টাকা।
স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির তথ্য অনুযায়ী, ২২ ক্যারেট সোনার বিক্রয়মূল্য ১১,৬৮৫ টাকা হলেও ক্রয়মূল্য ১১,১৯১ টাকা। গয়না কেনার সময় এর সঙ্গে মজুরি, পাথর ও অন্যান্য আনুষঙ্গিক খরচ যোগ হয়। আন্তর্জাতিক বাজার, ডলারের বিনিময় হার এবং ভূ-রাজনৈতিক পরিস্থিতির ওপর সোনা-রুপোর দাম নির্ভর করে। তাই দামের এই পতন দীর্ঘস্থায়ী হবে কি না, তা নিশ্চিত নয়। ক্রেতাদের গয়না কেনার আগে বর্তমান বাজারদর যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
