পুর পরিষেবার বেহাল দশা নিয়ে প্রচারে সরব সিপিআইএম প্রার্থী বাদল দাস

বৃষ্টি উপেক্ষা করেই বাধারঘাটের কেশব সংঘ এলাকায় বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ সারলেন ৪৬ নম্বর ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী বাদল দাস। প্রচারের সময় তাঁর সঙ্গে ছিলেন দলের স্থানীয় নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা। নির্বাচনী প্রচারে এলাকার নাগরিক সমস্যাগুলিকে প্রধান হাতিয়ার করেছেন তিনি। বিশেষ করে পুর নিগমের বর্ধিত করের বোঝা এবং সেই অনুপাতে পরিষেবার অভাব নিয়ে সাধারণ মানুষের ক্ষোভের কথা তুলে ধরেন প্রার্থী।
বাদল দাসের অভিযোগ, জলকর ও প্রপার্টি ট্যাক্সের চাপে সাধারণ মানুষ দিশেহারা, অথচ ন্যূনতম পরিষেবা মিলছে না। ওয়ার্ডের রাস্তাঘাটের বেহাল দশা এবং নিকাশি ব্যবস্থার দুরবস্থা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। তাঁর দাবি, বামফ্রন্ট আমলে শুরু হওয়া একটি বড় ড্রেন নির্মাণের কাজ মাঝপথে বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। দীর্ঘ সময় ধরে এই কাজ আসামাপ্ত পড়ে থাকায় নিকাশি সমস্যা আরও প্রকট হয়েছে বলে তিনি জানান।
প্রার্থী আরও অভিযোগ করেন, বামফ্রন্ট পুর নিগমের ক্ষমতার বাইরে যাওয়ার পর থেকে এলাকার মৌলিক সমস্যাগুলি অমীমাংসিত রয়ে গেছে। উন্নয়নের ক্ষেত্রে ধারাবাহিকতার অভাব রয়েছে বলে তিনি দাবি করেন। আসন্ন নির্বাচনে জয়ী হলে করের বিষয়টি পুনর্বিবেচনা, রাস্তাঘাট সংস্কার এবং আসামাপ্ত ড্রেন নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা চিহ্নিত করে তা সমাধানের আশ্বাস দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা চালাচ্ছেন বাদল দাস।
