রাজস্থানের পঞ্চায়েত ভোটে বড় জয় কংগ্রেসের, গ্রামীণ এলাকায় ধাক্কা খেল বিজেপি

রাজস্থানের পঞ্চায়েত নির্বাচনে বড় ব্যবধানে জয়ী হয়েছে কংগ্রেস। রাজ্য নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, পঞ্চায়েত সমিতির ২,৯৯০টি আসনে জয় পেয়েছে কংগ্রেস, সেখানে বিজেপি জিতেছে ১,৭৯৫টি আসনে। জেলা পরিষদ নির্বাচনেও কংগ্রেস ১৪৩টি আসন দখল করে নিজেদের আধিপত্য বজায় রেখেছে, যেখানে বিজেপি পেয়েছে ৮৩টি আসন। ২০২০-২১ সালের নির্বাচনের তুলনায় এই ফলাফল কংগ্রেসের জন্য বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
এই নির্বাচনে আঞ্চলিক দল ও নির্দল প্রার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। হনুমান বেনিওয়ালের রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি (RLP) একাই ৪৩৮টি পঞ্চায়েত সমিতি ও ৪টি জেলা পরিষদ আসনে জয়ী হয়েছে। এছাড়া নির্দল প্রার্থীরা ৫১৬টি, ভারত আদিবাসী পার্টি ২১৫টি, সিপিআইএম ৫০টি, বিএসপি ৪৪টি এবং আম আদমি পার্টি ২টি পঞ্চায়েত সমিতি আসনে জয়লাভ করেছে। নাগাউরে বিজেপির চেয়ে বেশি ভোট পেয়ে জেলা প্রধানের পদও দখল করেছে আরএলপি।
বিজেপির এই ভরাডুবির পেছনে দলের শীর্ষ নেতৃত্বের প্রতি সাধারণ মানুষের ক্ষোভকে অন্যতম কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। রাজ্যের মন্ত্রী ঝাবর সিং খাররার পরিবারের সদস্যরা নির্বাচনে পরাজিত হয়েছেন। এছাড়া মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোরের এলাকা এবং মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার বিধানসভা কেন্দ্র সাঙ্গানেরেও বিজেপি বড় ধাক্কা খেয়েছে। তবে জয়পুরে রাজেন্দ্র রাঠোরের পরিবারের সদস্যরা জয়ী হয়ে দলের মুখ রক্ষা করেছেন। ২০২৮ সালের বিধানসভা নির্বাচনের আগে গ্রামীণ রাজস্থানের এই ফলাফল শাসক শিবিরের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
