দক্ষিণবঙ্গে শনি-রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস, সোমবার থেকে নামতে পারে তাপমাত্রা

দক্ষিণবঙ্গে শনি-রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস, সোমবার থেকে নামতে পারে তাপমাত্রা

ঘূর্ণিঝড় ‘আকভান’ শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হলেও তার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুর্যোগ অব্যাহত রয়েছে। শুক্রবার থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে। শনিবার সকালেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপের প্রভাবে শনি ও রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট বজায় থাকতে পারে।

শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দুপুরের পর থেকে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হাওড়া এবং হুগলির একাংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই এই নিম্নচাপের প্রভাব পড়তে পারে। তবে উত্তরবঙ্গের আবহাওয়া তুলনামূলক ভালো থাকবে। সেখানে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই।

আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার থেকে বৃষ্টির প্রকোপ অনেকটাই কমে যেতে পারে। সপ্তাহের শুরুতে আবহাওয়ার উন্নতির পাশাপাশি তাপমাত্রার পারদ নামার সম্ভাবনা রয়েছে। সোম ও মঙ্গলবার নাগাদ রাজ্যের একাধিক জেলায় রাতের তাপমাত্রা প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। বৃষ্টির দুর্যোগ কেটে গেলে রাজ্যে শীতের আমেজ আরও জোরালো হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *