হোয়াটসঅ্যাপ ওয়েবে কল সমস্যা? জেনে নিন সমাধান

হোয়াটসঅ্যাপ ওয়েবে কল করার সময় ‘রিকানেক্টিং’ সমস্যা দেখা দিলে কিছু সহজ উপায়ে তা সমাধান করা যেতে পারে।
প্রথমে পেজটি রিফ্রেশ করে ফোনের ইন্টারনেট সংযোগ পরীক্ষা করে নিন। সাময়িক কারিগরি ত্রুটি থাকলে এতেই সমাধান হতে পারে।
ব্রাউজারের পুরনো ভার্সন ব্যবহার করলে সমস্যা হতে পারে, তাই ক্রোম, এজ বা ফায়ারফক্সের সর্বশেষ সংস্করণ ব্যবহার করুন। ব্রাউজারের অ্যাড্রেস বারের লক আইকনে ক্লিক করে মাইক্রোফোন ও ক্যামেরার পারমিশন ‘অ্যালাউ’ করা আছে কিনা তা যাচাই করা জরুরি।
কম্পিউটারে ভিপিএন বা প্রক্সি চালু থাকলে তা বন্ধ করে পুনরায় চেষ্টা করুন, কারণ এটি সংযোগে বাধা দিতে পারে। ব্রাউজারে ক্যাশে জমে থাকলে হোয়াটসঅ্যাপ ওয়েব ঠিকমতো কাজ নাও করতে পারে। সেক্ষেত্রে ব্রাউজার সেটিংস থেকে ক্যাশে ও কুকিজ ক্লিয়ার করে কিউআর কোড স্ক্যান করে আবার লগইন করুন।
ব্রাউজারে বারবার সমস্যা হলে হোয়াটসঅ্যাপের অফিসিয়াল ডেস্কটপ অ্যাপ ব্যবহার করা ভালো, কারণ ডেস্কটপ অ্যাপে কল বেশি স্থিতিশীল থাকে। এই পদ্ধতিগুলো অনুসরণ করার পরেও সমস্যা না মিটলে কম্পিউটার রিস্টার্ট করে দেখতে পারেন।
