বাংলাদেশে হিন্দু নির্যাতনের আঁচ বঙ্গে! পরিস্থিতি সামাল দিতে সোমবারই জয়শংকরকে জানাবেন উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বাংলাদেশের নড়াইল-সহ একাধিক এলাকায় হিন্দু নিধন ও বাড়ি-দোকানে অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার সন্ধ্যায় পিডব্লুডি তাঁবুতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ওপার বাংলার এই অস্থিরতার ছবি ও ভিডিও তাঁর কাছে এসেছে এবং সেখানে আত্মীয় থাকা বহু রাজ্যবাসী আতঙ্কে রয়েছেন। এর প্রভাবে বাংলাতেও হিংসা ছড়ানোর আশঙ্কা প্রকাশ করে তিনি জানান, বৈদেশিক নীতির কারণে মুখ্যমন্ত্রী হিসেবে সরাসরি পদক্ষেপ নিতে না পারলেও সোমবারই তিনি বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে যোগাযোগ করবেন।
এদিন বাংলাদেশিদের মেডিক্যাল ভিসা প্রসঙ্গে শুভেন্দু জানান, এটি সম্পূর্ণ ভারত সরকারের বিষয়, তবে রাজ্যে কোনও অনুপ্রবেশকারীকে রেয়াত করা হবে না। পাশাপাশি, দক্ষিণ দিনাজপুরের হিলিতে হিন্দু সেজে বসবাসকারী ও সিএএ-তে নাগরিকত্বের আবেদন জানানো পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে প্রশাসনের বুলডোজার অভিযানের কথা উল্লেখ করে তিনি স্পষ্ট জানান, ওই অনুপ্রবেশকারীরা কোনোভাবেই নাগরিকত্ব পাবে না।
