কেবিসির বিতর্কিত প্রশ্ন ঘিরে আইনি জটে অমিতাভ, নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি

বিগত একমাসে একাধিক হামলার হুমকি ও ষড়যন্ত্রের খবরের মাঝে এবার আইনি নোটিসের মুখে পড়েছেন অমিতাভ বচ্চন। সুস্থ হয়ে ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর সেটে ফেরার পর পাঞ্জাবের পুলিশ স্টেশনে বোমা হামলা সংক্রান্ত একটি প্রশ্ন ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, সংশ্লিষ্ট প্রশ্নের মাধ্যমে পাঞ্জাবকে নেতিবাচকভাবে উপস্থাপন করে রাজ্যের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে। এক মক্কেলের আনা স্ক্রিনশট ও ভিডিও ক্লিপের ভিত্তিতে পাঞ্জাবের সাঙ্গরুরের আইনজীবী ইন্দ্রজিৎ অরোরা অমিতাভ বচ্চন এবং সোনি টিভিকে আইনি নোটিস পাঠিয়েছেন।
ভিডিও ক্লিপ অনুযায়ী, কেবিসির মঞ্চে ১২ লক্ষ ৫০ হাজার টাকার প্রশ্নে পাঞ্জাবের পুলিশ স্টেশনে বোমা হামলার প্রসঙ্গ তোলা হয় এবং ব্যাখ্যায় রাজ্যের আইনশৃঙ্খলা ও আপ সরকারের ব্যর্থতার কথা বলা হয়। আইনজীবী ইন্দ্রজিৎ অরোরার দাবি, এটি সাধারণ জ্ঞানের প্রশ্ন নয়, বরং রাজ্যের ভাবমূর্তি নষ্টের চেষ্টা। তাঁর দাবি, এই অংশ সম্প্রচারিত হয়ে থাকলে অবিলম্বে তা সরিয়ে অমিতাভ বচ্চন ও সংশ্লিষ্ট চ্যানেলকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, যদিও জবাব এলেই ভিডিওর সত্যতা নিশ্চিত করা যাবে বলে তিনি জানিয়েছেন।
