বিষ বের করা হলেও কাটেনি বিপদ! ভেন্টিলেশনে রেখা পাত্র, কী জানাল হাসপাতাল?
হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র এখনও ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন। শনিবার রাতে বাড়িতে আচমকা অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাঁকে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় রবিবার ভোররাত ৩টে নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরিবারের দাবি, বিষাক্ত ভেষজ কীটনাশক তাঁর পেটে চলে গিয়েছিল। নাক দিয়ে নল ঢুকিয়ে চিকিৎসকেরা তাঁর শরীর থেকে ওই কীটনাশক বের করেছেন।
হাসপাতাল সূত্রে খবর, এখনও জ্ঞান ফেরেনি রেখার। তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও বিপদ কাটেনি। বসিরহাট হাসপাতালে তাঁকে ছ’টি চারকোল ট্যাবলেট, অ্যাট্রোপাইন ও প্রালিডক্সাইম ইঞ্জেকশন দেওয়া হয়েছিল। পরে বমি ও গ্যাসের ওষুধের পাশাপাশি অ্যান্টিবায়োটিকও দেওয়া হয়। স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, রেখা আগের তুলনায় স্থিতিশীল। তবে পরীক্ষার রিপোর্ট ছাড়া বিষক্রিয়ার বিষয়টি নিশ্চিত করা সম্ভব নয়। খাবার পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে।
