বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তীকে ডি লিট, সম্মান পাবেন আরও দুই বিশিষ্টজন

আগামী ৯ ডিসেম্বর বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসের অডিটোরিয়ামে ৪০তম সমাবর্তন অনুষ্ঠানে প্রবাদপ্রতীম অভিনেতা মিঠুন চক্রবর্তীকে সাম্মানিক ডি লিট উপাধি দেওয়া হবে। একই মঞ্চে বিজ্ঞান ও গবেষণায় বিশেষ অবদানের জন্য বিজ্ঞানী তথা অধ্যাপক জি পার্থসারথি ও ভূপেন্দ্রনাথ গোস্বামী সাম্মানিক ডি. এসসি সম্মানে ভূষিত হবেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রাজ্যপাল তথা আচার্য আরএন রবি এই প্রস্তাবে অনুমোদন দিয়েছেন এবং গত ১৭ নভেম্বর রাজভবনের সচিবালয় থেকে উপাচার্য অধ্যাপক শঙ্কর কুমার নাথের কাছে আনুষ্ঠানিক চিঠি পৌঁছেছে। ওই দিন পড়ুয়াদের শংসাপত্র প্রদানের পাশাপাশি এই তিন বিশিষ্ট ব্যক্তিকে সাম্মানিক ডিগ্রি দেওয়া হবে।
দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে বাংলা ও হিন্দি সিনেমায় মিঠুন চক্রবর্তীর অবদান অনস্বীকার্য এবং ৭৬ বছর বয়সেও অভিনয়ে তিনি সক্রিয়। ‘ডিস্কো ড্যান্সার’ ও ‘ফাটাকেষ্ট’ খ্যাত এই অভিনেতা ইতিমধ্যেই পদ্মভূষণ এবং দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হয়েছেন। অভিনয়ের পাশাপাশি রাজনীতির ময়দানেও তাঁর উপস্থিতি উল্লেখযোগ্য।
