চিকিৎসকের গায়ে হাত দিলেই সোজা জেল, সঙ্গে মোটা জরিমানা! কড়া পদক্ষেপ স্বাস্থ্যভবনের

চিকিৎসকদের ওপর হামলা এবং হাসপাতালে ভাঙচুর রুখতে নজিরবিহীন কঠোর অবস্থান নিল রাজ্য স্বাস্থ্য দফতর। নয়া নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, ২০০৯ সালের ‘ওয়েস্ট বেঙ্গল মেডিকেয়ার সার্ভিস পার্সন্স অ্যান্ড মেডিকেয়ার সার্ভিস ইন্সটিটিউশন অ্যাক্ট’ এবার আরও কঠোরভাবে কার্যকর করা হবে। এই আইন অনুযায়ী, হাসপাতালে ভাঙচুর চালালে বা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের গায়ে হাত দিলে অভিযুক্তদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হবে। দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।
স্বাস্থ্যভবনের এই নতুন নির্দেশিকাকে স্বাগত জানিয়েছে বিভিন্ন চিকিৎসক ও নার্সিংহোম সংগঠন। অ্যাসোসিয়েশন অব প্রাইভেট হসপিটাল অ্যান্ড নার্সিংহোমের তরফে ডা. রাজীব পাণ্ডে এবং বিজেপি ডক্টর্স সেলের ডা. তন্ময় মুখোপাধ্যায় জানান, পূর্ববর্তী বাম ও তৃণমূল আমলে আইনটি সঠিকভাবে প্রয়োগ না হলেও বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে। পাশাপাশি, অ্যাসোসিয়েশন অব হেলথ সার্ভিস ডক্টর্সের ডা. উৎপল বন্দ্যোপাধ্যায় সাম্প্রতিক হামলাগুলির ক্ষেত্রেও দ্রুত এই আইনের কঠোর প্রয়োগের দাবি জানিয়েছেন।
