হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারে কেন্দ্রের সতর্কতা: হ্যাকিং রুখতে নির্দেশিকা

হোয়াটসঅ্যাপ ওয়েবের মাধ্যমে ব্যবহারকারীর অ্যাকাউন্টে অনধিকার প্রবেশের ঝুঁকি নিয়ে সতর্কবার্তা জারি করেছে ন্যাশনাল সাইবারক্রাইম থ্রেট অ্যানালিটিক্স ইউনিট (NCTAU)। কেন্দ্রীয় সংস্থা জানিয়েছে, কিছু পরিস্থিতিতে অথেন্টিকেটেড হোয়াটসঅ্যাপ ওয়েব সেশনের অপব্যবহার করে সাইবার অপরাধীরা ব্যবহারকারীর ব্যক্তিগত মেসেজ পড়তে পারে।
এমনকি ব্যবহারকারীর পরিচয় ব্যবহার করে মেসেজ পাঠানো, কন্ট্যাক্ট লিস্ট চুরি করা বা আর্থিক প্রতারণার মতো অপরাধও সম্ভব। এই ঝুঁকি এড়াতে কেন্দ্র কিছু সতর্কতামূলক ব্যবস্থার পরামর্শ দিয়েছে।
অফিসের কম্পিউটার, শেয়ার্ড সিস্টেম বা পাবলিক কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার না করাই ভালো। একান্ত প্রয়োজনে ব্যবহার করলে ইনকগনিটো বা প্রাইভেট ব্রাউজিং মোড ব্যবহার করতে হবে। ব্রাউজার বন্ধ করার আগে অবশ্যই ম্যানুয়ালি লগ আউট করতে হবে। শুধু ট্যাব বা উইন্ডো বন্ধ করলে লগ আউট হবে না।
সরকারি বা প্রাতিষ্ঠানিক কাজে হোয়াটসঅ্যাপ ওয়েবের ব্যবহার এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। অপারেটিং সিস্টেম, ব্রাউজার এবং সিকিউরিটি সফটওয়্যার নিয়মিত আপডেট রাখা জরুরি। নিজের অ্যাকাউন্ট থেকে কোনো অস্বাভাবিক মেসেজ বা সন্দেহজনক কার্যকলাপ দেখলে দ্রুত সতর্ক হতে হবে। প্রতিটি সেশনের পর লগ আউট করার অভ্যাস গড়ে তোলাই ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার প্রধান উপায় বলে জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা।
