দেশে ফিরলেই গ্রেফতার হাসিনা: কড়া বার্তা শামা ওবায়েদের

বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম স্পষ্ট জানিয়েছেন, শেখ হাসিনা দেশে প্রবেশের চেষ্টা করলেই তাকে গ্রেফতার করা হবে এবং প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা আশা করছে, ভারত বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি মেনে হাসিনাকে ফেরত পাঠাবে। তবে হাসিনাকে ফিরিয়ে আনার জন্য বিশেষ বিমান পাঠানোর বিষয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি।
ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের মর্যাদা ও স্বার্থ ক্ষুণ্ণ না করে ভারত সরকারের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় ঢাকা। তার মতে, দুই দেশের সম্পর্ক কোনো নির্দিষ্ট ব্যক্তির চেয়ে অনেক বড়। অমীমাংসিত সমস্যাগুলো কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব।
আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মসূচি ও অস্থিরতাকে তিনি রাজনৈতিক দেউলিয়াপনার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন। রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে বিদেশ প্রতিমন্ত্রী জানান, এই সংকট বাংলাদেশ তৈরি করেনি, তাই এর সমাধান মিয়ানমারকেই করতে হবে। আন্তর্জাতিক বিচার আদালতের পদক্ষেপের পাশাপাশি মিয়ানমার ও আরাকান আর্মির ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।
