বিশ্ববাজারে তেলের দাম তিন মাসের সর্বনিম্ন, বাড়ছে উদ্বেগ

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম গত তিন মাসের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমে এসেছে। ব্রেন্ট ক্রুড ফিউচার ২০ সেন্ট কমে ব্যারেল প্রতি ৮৯.১৭ ডলারে এবং ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ২২ সেন্ট কমে ৭৯.৯৫ ডলারে লেনদেন হয়েছে। আগস্ট মাসের পর এটিই তেলের দামের সর্বনিম্ন স্তর।
মূলত বিশ্বজুড়ে তেলের সরবরাহ বৃদ্ধি এবং ভবিষ্যতে উদ্বৃত্তের আশঙ্কায় বিনিয়োগকারীরা উদ্বিগ্ন। বাজার বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালীতে ভূ-রাজনৈতিক উত্তেজনার চেয়ে বর্তমানে তেলের পর্যাপ্ত সরবরাহ এবং উদ্বৃত্তের বিষয়টিই দামের ওপর বেশি প্রভাব ফেলছে। অক্টোবরে বিশ্বব্যাপী তেল ও তরল জ্বালানির মজুদ প্রতিদিন ১.৭ মিলিয়ন ব্যারেল বৃদ্ধি পেয়েছে, যা চাহিদার তুলনায় সরবরাহের আধিক্যকে নির্দেশ করে।
ডয়েচে ব্যাংকের মতে, বৈশ্বিক তেলের বাজার এখন উদ্বৃত্তের দিকে ধাবিত হচ্ছে। এদিকে, হরমুজ প্রণালীতে সাম্প্রতিক উত্তেজনার রেশ এখনো কাটেনি। সোমবার ওই এলাকায় তিনটি তেলের ট্যাঙ্কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যা নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে অস্বস্তি তৈরি হয়েছে। মার্কিন কর্মকর্তারা এই ঘটনার তদন্ত করছেন। তবে সরবরাহ বৃদ্ধির এই প্রবণতা অব্যাহত থাকলে তেলের দামের ওপর চাপ বজায় থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মার্কিন যুক্তরাষ্ট্রেও অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্যের মজুদ বৃদ্ধির পূর্বাভাস পাওয়া গেছে, যা বাজারে সরবরাহের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।
