১ জানুয়ারি থেকে বাড়ছে অডি গাড়ির দাম

নতুন বছরের শুরুতেই ভারতে বিলাসবহুল গাড়ি নির্মাতা অডি তাদের গাড়ির দাম বাড়ানোর ঘোষণা করেছে। আগামী ১ জানুয়ারি, ২০২৭ থেকে সংস্থার সমস্ত মডেলের দাম ২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে। সেডান থেকে এসইউভি—অডির সম্পূর্ণ মডেল রেঞ্জের ক্ষেত্রেই এই মূল্যবৃদ্ধি কার্যকর হবে।
মঙ্গলবার সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করা হয়েছে। অডি ইন্ডিয়া জানিয়েছে, গাড়ি তৈরির সামগ্রিক খরচ বা ইনপুট কস্ট ক্রমাগত বৃদ্ধি পাওয়ার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কোন নির্দিষ্ট মডেলে ঠিক কতটা দাম বাড়বে, তার বিস্তারিত তালিকা এখনও প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, ২০২৬ সালে এটি অডির দ্বিতীয় মূল্যবৃদ্ধি। এর আগে ১ এপ্রিল, ২০২৬ তারিখেও সংস্থাটি তাদের গাড়ির দাম ২ শতাংশ পর্যন্ত বাড়িয়েছিল। অডি ইন্ডিয়ার ব্র্যান্ড ডিরেক্টর বলবীর সিং ধিল্লোঁ জানিয়েছেন, ক্রমবর্ধমান উৎপাদন খরচের চাপে দাম বাড়ানো জরুরি হয়ে পড়েছে। তবে গ্রাহকদের ওনারশিপ অভিজ্ঞতা এবং ব্র্যান্ডের ওপর আস্থা বজায় রাখতে মূল্যবৃদ্ধি যতটা সম্ভব সীমিত রাখার চেষ্টা করা হয়েছে।
