সন্তান বাবা-মায়ের সম্পত্তি নয়, হেফাজত মামলায় সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ রায়

দুই নাবালক ছেলের হেফাজত সংক্রান্ত দীর্ঘ আইনি লড়াইয়ে বড় সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট। বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি অপারেশ কুমার সিংয়ের বেঞ্চ ১৬ ও ১৪ বছর বয়সি দুই ছেলেকে তাদের মায়ের কাছেই থাকার অনুমতি দিয়েছে।

২০০৯ সালে বিবাহিত ওই দম্পতির বিচ্ছেদ হয় ২০১৮ সালে। এরপর থেকে সন্তানদের হেফাজত নিয়ে বাবা ও মায়ের মধ্যে আইনি বিরোধ চলছিল। মাদুরাইয়ের ফ্যামিলি কোর্ট এবং মাদ্রাজ হাই কোর্ট হেফাজত বাবার হাতে দেওয়ার নির্দেশ দিলেও, মায়ের আবেদনের প্রেক্ষিতে বিষয়টি শীর্ষ আদালতে পৌঁছায়।

মামলার শুনানির সময় বিচারপতিরা দুই কিশোরের সঙ্গে আলাদাভাবে কথা বলেন। দুই সন্তানই স্পষ্ট জানায় যে, তারা মায়ের সঙ্গেই থাকতে আগ্রহী। আদালতের পর্যবেক্ষণ, দুই কিশোরই অত্যন্ত পরিণত ও আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের মতামত জানিয়েছে।

আদালত স্পষ্ট করেছে যে, বাবা হেফাজত পাওয়ার যোগ্য হলেই যে তাঁকেই সন্তান দিতে হবে, এমন কোনো বাধ্যতামূলক নিয়ম নেই। বিচ্ছেদের পর থেকে মা একাই সন্তানদের লালনপালন ও শিক্ষার দায়িত্ব সামলেছেন, যার ফলে তাদের মধ্যে গভীর আবেগের সম্পর্ক তৈরি হয়েছে। এই পরিচিত পরিবেশ থেকে সরিয়ে দিলে তাদের মানসিক স্বাস্থ্য ও স্বাভাবিক বেড়ে ওঠার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

সন্তানদের জীবন থেকে বাবাকে বিচ্ছিন্ন করতে চায়নি আদালত। নির্দেশ অনুযায়ী, প্রতি মাসের দ্বিতীয় শনি ও রবিবার এবং বিশেষ ছুটির দিনে মাদুরাইয়ের গান্ধী মিউজিয়ামে বাবার সঙ্গে দেখা করার সুযোগ পাবে দুই সন্তান। এছাড়া সন্তানদের পড়াশোনার খরচে বাবাকে আর্থিক সহায়তা করার নির্দেশ দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্ট জানিয়েছে, নাবালকের হেফাজত নির্ধারণের ক্ষেত্রে সন্তানের সার্বিক কল্যাণই সবচেয়ে গুরুত্বপূর্ণ। গার্ডিয়ানস অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্ট অনুযায়ী, শুধু আইনি অধিকার নয়, সন্তানের মানসিক অবস্থা, নিরাপত্তা এবং তার নিজের মতামতকেও সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *