দলত্যাগ বিরোধী আইন: স্পিকারকে জবাব দিলেন ২০ তৃণমূল সাংসদ

তৃণমূল কংগ্রেস ছেড়ে এনসিপিআই-তে যোগ দেওয়া ২০ জন সাংসদ দলত্যাগ বিরোধী আইনের অধীনে তাঁদের পদ খারিজের আবেদনের প্রেক্ষিতে লোকসভার স্পিকারের কাছে লিখিত জবাব জমা দিয়েছেন।
এনসিপিআই সংসদীয় দলের চেয়ারপার্সন কাকলি ঘোষ দস্তিদার জানিয়েছেন, নির্ধারিত সময়সীমার মধ্যেই প্রত্যেক সাংসদ ১৭ থেকে ১৮ পৃষ্ঠার বিস্তারিত জবাব স্পিকারের কাছে পাঠিয়েছেন। নতুন দলে যোগ দেওয়ার সিদ্ধান্তের সপক্ষে তাঁরা বিভিন্ন আইনি ও সাংবিধানিক যুক্তি তুলে ধরেছেন।
বিদ্রোহী সাংসদদের দাবি, তাঁদের এই পদক্ষেপ দলত্যাগ বিরোধী আইনের আওতায় অযোগ্য ঘোষণার মতো কোনো অপরাধ নয়। সমস্ত সংসদীয় ও সাংবিধানিক বিধি মেনেই তাঁরা নতুন দলে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন। এর আগে আইনি পরামর্শ ও নথিপত্র সংগ্রহের জন্য তাঁরা একাধিকবার অতিরিক্ত সময় চেয়েছিলেন।
লোকসভা সচিবালয় সংশ্লিষ্ট সাংসদদের নোটিশ পাঠিয়ে তাঁদের বক্তব্য জানতে চেয়েছিল। এখন জমা পড়া জবাব এবং অযোগ্য ঘোষণার আবেদন খতিয়ে দেখে লোকসভার স্পিকার ওম বিড়লা পরবর্তী সিদ্ধান্ত নেবেন। রাজনৈতিক মহলের নজর এখন স্পিকারের এই সিদ্ধান্তের দিকেই।
