দিল্লি বিমানবন্দরে আটক সিজেপি নেতা সৌরভ দাস, জারি লুকআউট নোটিশ

অক্সফোর্ডের একটি প্যানেল ডিসকাশনে যোগ দিতে যুক্তরাজ্যে যাওয়ার পথে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বাধার মুখে পড়লেন সিজেপি নেতা সৌরভ দাস। গত ২৩ নভেম্বর রাতে বিদেশগামী উড়ানে ওঠার সময় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁকে আটকে দেয়। কর্তৃপক্ষের দাবি, তাঁর পাসপোর্টে একটি সক্রিয় অ্যালার্ট রয়েছে।
এই ঘটনার প্রেক্ষিতে সৌরভ দাস দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। বৃহস্পতিবার আদালতে শুনানির সময় কেন্দ্রীয় সরকার জানায়, মহারাষ্ট্র পুলিশের বিশেষ অনুরোধেই সৌরভের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অ্যাডিশনাল সলিসিটর জেনারেল চেতন শর্মা আদালতকে জানান, সৌরভের শিক্ষাগত যোগ্যতা, বাড়ির ঠিকানা এবং পৈতৃক পরিচয়ের তথ্যে অসঙ্গতি থাকায় তাঁর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠতে পারে।
তবে এই নিষেধাজ্ঞার তীব্র বিরোধিতা করেছেন সৌরভের আইনজীবী অখিল সিব্বল। তিনি দাবি করেন, কোনো আগাম নোটিশ ছাড়াই ফ্লাইটের ঠিক আগে শোকজ নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছে, যা মৌলিক অধিকারের পরিপন্থী। আদালতে লুকআউট সার্কুলারের কপি এবং সুনির্দিষ্ট অভিযোগের নথি চাওয়া হলে কেন্দ্রীয় সরকার তা তাৎক্ষণিকভাবে পেশ করতে অপারগতা প্রকাশ করে।
উল্লেখ্য, গত ৩ অক্টোবর মুম্বইয়ের শিবাজি পার্ক থানায় দায়ের করা একটি এফআইআর-এর ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় দায়ের করা ওই মামলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের পাশাপাশি সিজেপি নেতাদের বিরুদ্ধেও লুকআউট নোটিশ জারি করা হয়েছে বলে জানা গিয়েছে।
