পুরনো স্কুলে ফিরে পড়ুয়াদের ক্লাস নিলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

রাজ্যের আদিবাসী উন্নয়ন ও সংখ্যালঘু বিষয়ক দফতরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু বৃহস্পতিবার তাঁর পুরনো কর্মস্থল বর্ধমানের বাণীপীঠ উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হন। মন্ত্রী হওয়ার আগে তিনি এই বিদ্যালয়ে ৩০ বছর শিক্ষকতা করেছেন।

পূর্ব বর্ধমান সফরে এসে ব্যস্ততার মধ্যেও তিনি প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানে যান। স্কুলে পৌঁছেই ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়িয়ে তিনি পড়ুয়াদের বাংলা পড়ান। শিক্ষক হিসেবে পুরনো ছন্দে ফিরে গিয়ে তিনি ছাত্রছাত্রীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা ও মতবিনিময় করেন। মন্ত্রী হওয়ার পর তাঁর প্রশাসনিক ও রাজনৈতিক অভিজ্ঞতার কথাও তিনি পড়ুয়াদের সঙ্গে ভাগ করে নেন।

প্রিয় শিক্ষককে কাছে পেয়ে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উচ্ছ্বসিত হয়ে ওঠে। বাঁকুড়ার বাসিন্দা ক্ষুদিরাম টুডু শিক্ষকতার সূত্রে দীর্ঘ সময় বর্ধমানে কাটিয়েছেন। বর্তমানে মন্ত্রী হিসেবে বিভিন্ন দায়িত্ব সামলালেও শিক্ষকতার প্রতি তাঁর টান আজও অটুট। স্কুল থেকে বিদায় নেওয়ার সময় তিনি পড়ুয়াদের আশ্বস্ত করে বলেন, সুযোগ পেলেই তিনি আবার এই বিদ্যালয়ে ফিরে আসবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *