মহিলা সংরক্ষণ ও আসন পুনর্বিন্যাস বিল: ফের তৎপর কেন্দ্র

মহিলা সংরক্ষণ বিল এবং আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বিল পাসের লক্ষ্যে ফের সক্রিয় হয়েছে কেন্দ্রীয় সরকার। আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হতে চলা সংসদের বিশেষ অধিবেশনে এই বিলগুলো পেশ করার সম্ভাবনা তৈরি হয়েছে।

২০২৩ সালে পাশ হওয়া নারী শক্তি বন্দন অধিনিয়ম অনুযায়ী, লোকসভা ও বিধানসভায় ৩৩ শতাংশ আসন সংরক্ষণের পূর্বশর্ত হিসেবেই আসন সংখ্যা বৃদ্ধি ও সীমানা পুনর্নির্ধারণের পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। সংবিধান সংশোধনী বিল হওয়ায় এটি পাসের জন্য সংসদের উভয় কক্ষে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন, যা গত এপ্রিলে সরকারের কাছে ছিল না।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট করেছেন যে, সরকার মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণ প্রদানে বদ্ধপরিকর। বিলের খসড়া অনুযায়ী, লোকসভার আসন সংখ্যা ৫৪৩ থেকে বাড়িয়ে ৮৫০ করার প্রস্তাব রয়েছে, যার এক-তৃতীয়াংশ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। সরকার এই আসন পুনর্বিন্যাসের জন্য ২০১১ সালের জনগণনা বা অন্য কোনো নির্দিষ্ট জনগণনাকে ভিত্তি হিসেবে ব্যবহারের কথা ভাবছে।

রাজনৈতিক মহলে জল্পনা রয়েছে যে, এই দীর্ঘ বিরতিকে কাজে লাগিয়ে সরকার প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা জোগাড়ের চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে, কংগ্রেসসহ বিরোধী দলগুলোর দাবি, আসন পুনর্বিন্যাসের শর্ত বাদ দিয়ে বর্তমান ৫৪৩টি আসনের মধ্যেই ৩৩ শতাংশ সংরক্ষণ কার্যকর করা হোক। বিরোধীদের অভিযোগ, রাজনৈতিক ফায়দা তুলতেই সরকার মানচিত্র বদলে নিজেদের সুবিধামতো আসন সাজাতে চাইছে। ডিএমকে, কংগ্রেস ও আপের মতো দলগুলো আসন সংখ্যা অপরিবর্তিত রেখে সংরক্ষণ চালুর শর্ত দিয়েছে। তবে সরকার এই শর্ত মানলে আসন পুনর্বিন্যাসের মূল পরিকল্পনা থেকে সরে আসতে হবে বলে মনে করছে।

২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে এই বিল পাস না হলে নতুন সীমানা অনুযায়ী নির্বাচন করা কার্যত অসম্ভব হয়ে পড়বে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *