প্রেসিডেন্সি সংশোধনাগারে বিচারাধীন বন্দির রক্তাক্ত দেহ উদ্ধার

প্রেসিডেন্সি সংশোধনাগারে মহম্মদ আলি (৪৪) নামে এক বিচারাধীন বন্দির রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। মধ্যমগ্রামের বাঁকড়া-বাঁশতলার বাসিন্দা মহম্মদ আলিকে বৃহস্পতিবার সংশোধনাগারে বন্দি গণনার সময় খুঁজে পাওয়া যায়নি। পরে ৪৪ নম্বর ওয়ার্ডের পাশের একটি সংকীর্ণ গলিতে তাঁকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বন্দির মাথার পিছনে ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। মহম্মদ আলির বিরুদ্ধে এন্টালি ও শিয়ালদহ জিআরপিতে মাদক পাচারসহ একাধিক মামলা ছিল। হেস্টিংস থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। লালবাজারের হোমিসাইড শাখার গোয়েন্দারাও ঘটনাস্থলে পৌঁছেছেন। বন্দির মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। অন্য কোনো বন্দির সঙ্গে তাঁর সংঘর্ষ হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সংশোধনাগার কর্তৃপক্ষের সহায়তায় পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করছে এবং জিজ্ঞাসাবাদের প্রক্রিয়াও শুরু হয়েছে।
