২০২৭ সালের মধ্যে বাড়বে মর্টগেজ পেমেন্ট: ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের সতর্কতা

ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের সাম্প্রতিক আর্থিক স্থিতিশীলতা রিপোর্টে জানানো হয়েছে, আগামী তিন বছরে যুক্তরাজ্যের লক্ষ লক্ষ পরিবারকে বন্ধকী ঋণ বা মর্টগেজ পরিশোধের ক্ষেত্রে বড় ধরনের আর্থিক চাপের মুখে পড়তে হবে। ইরান যুদ্ধের প্রভাব এবং সুদের হার বৃদ্ধির ফলে এই পরিস্থিতি তৈরি হয়েছে।
প্রায় ৬৫ লক্ষ পরিবারকে প্রতি মাসে গড়ে ১০০ পাউন্ড অতিরিক্ত খরচ করতে হতে পারে, যা আগের পূর্বাভাসের তুলনায় দ্বিগুণ। প্রায় ১০ লক্ষেরও বেশি পরিবার যারা বর্তমানে ৩ শতাংশের নিচে সুদের হারে ঋণ নিয়েছেন, তাদের নতুন করে ঋণ পুনর্নির্ধারণের সময় ৫.৫ শতাংশ হারে সুদ গুনতে হবে। এতে তাদের মাসিক কিস্তি গড়ে ২০০ পাউন্ড পর্যন্ত বাড়তে পারে।
এছাড়া প্রায় ৪ লক্ষ ৩০ হাজার পরিবার আগামী তিন বছরে প্রতি মাসে ৫০০ পাউন্ডের বেশি বাড়তি খরচের সম্মুখীন হতে পারে। ক্রমবর্ধমান জ্বালানি বিল এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ায় পরিবারগুলোকে তাদের সঞ্চয় বা অন্যান্য খরচ কমিয়ে এই বাড়তি ঋণের বোঝা সামলাতে হবে। নিম্ন-আয়ের পরিবারগুলোর জন্য পরিস্থিতি আরও কঠিন হতে পারে।
যদিও এখন পর্যন্ত ঋণ খেলাপি হওয়ার কোনো লক্ষণ দেখা যায়নি, তবে মুদ্রাস্ফীতি এবং সুদের হার বৃদ্ধির প্রবণতা বজায় থাকলে ২০২৭ সাল নাগাদ সুদের হার ৫ শতাংশে পৌঁছাতে পারে। আর্থিক স্থিতিশীলতার পাশাপাশি ব্যাঙ্ক অফ ইংল্যান্ড সাইবার নিরাপত্তার বিষয়েও সতর্ক করেছে। আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সাইবার আক্রমণের ঝুঁকি মোকাবিলায় প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়েছে। মাইক্রোসফট বা গুগল ক্লাউডের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা আর্থিক খাতের জন্য ঝুঁকি তৈরি করতে পারে বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
