বাংলাদেশে অস্থিরতা: ২,৩৬০ কোটির পোশাকের বরাত বাতিল, লাভবান ভারত

বাংলাদেশে শ্রমিক অসন্তোষ ও রাজনৈতিক অস্থিরতার কারণে সে দেশের পোশাক শিল্পে বড় ধাক্কা লেগেছে। জ়ারা, এইচ অ্যান্ড এম, এবং মার্কস অ্যান্ড স্পেন্সারের মতো আন্তর্জাতিক সংস্থাগুলি প্রায় ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত বাতিল করেছে। এই ঘটনা ঘটেছে ১ থেকে ১৮ নভেম্বরের মধ্যে, যা বাংলাদেশের মাসিক পোশাক রফতানির প্রায় এক-দশমাংশ।
শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলা আন্দোলন, ভাঙচুর ও অগ্নিসংযোগের ফলে উৎপাদন ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক ক্রেতারা মুখ ফিরিয়ে নিচ্ছেন। বাংলাদেশের অর্থনীতিতে পোশাক শিল্পের অবদান বিশাল, যা মোট রফতানি আয়ের ৮০ শতাংশ এবং জিডিপির প্রায় ১০ শতাংশ জোগান দেয়।
তবে দীর্ঘস্থায়ী শ্রমিক অসন্তোষ, জ্বালানি সংকট এবং উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলি তাদের উৎপাদন কেন্দ্র বৈচিত্র্যময় করার সিদ্ধান্ত নিয়েছে। এই পরিস্থিতিতে ভারত সবচেয়ে বেশি লাভবান হয়েছে, বাতিল হওয়া বরাতের সিংহভাগই এখন ভারতের হাতে। ভিয়েতনাম, কম্বোডিয়া এবং ইন্দোনেশিয়াও কিছু বরাত পেয়েছে।
এই পরিবর্তনের ফলে ভারতের বস্ত্র খাতের সংস্থাগুলির শেয়ারের দরে ইতিবাচক প্রভাব পড়েছে। গোকলদাস এক্সপোর্টস, ট্রাইডেন্ট এবং বর্ধমান টেক্সটাইলসের মতো সংস্থাগুলির শেয়ারের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বাংলাদেশের পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) জানিয়েছে, আন্দোলনের ফলে উৎপাদন খাতে ৪০ কোটি ডলারেরও বেশি ক্ষতি হয়েছে। সময়মতো পণ্য সরবরাহে দীর্ঘসূত্রতা এবং বর্তমান অস্থিরতা আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা হারানোর কারণ হওয়ায় বাংলাদেশের পোশাক নির্মাতারা উদ্বিগ্ন।
