ভোপালে অতিরিক্ত ভাড়ার প্রতিবাদ, মহিলাকে অশ্লীল মেসেজ ব়্যাপিডো চালকের

ভোপালের হাবিবগঞ্জ এলাকায় গত ২০ নভেম্বর এক মহিলা যাত্রী ব়্যাপিডো বাইক বুক করে পার্সেল পাঠানোর সময় হেনস্থার শিকার হন। অভিযোগ, বুকিং গ্রহণের পর চালক অতিরিক্ত ভাড়ার দাবি জানায়। মহিলা সেই দাবি প্রত্যাখ্যান করলে চালক গালিগালাজ শুরু করে এবং রাইড বাতিল করার জন্য চাপ দেয়।

মাঝপথে মহিলাকে নামিয়ে দেওয়ার পাশাপাশি চালক তাঁকে ফোনে ক্রমাগত বিরক্ত করতে থাকে। মহিলার অভিযোগ, অভিযুক্ত চালক হোয়াটসঅ্যাপে তাঁর গোপনাঙ্গের অশ্লীল ছবি পাঠায় এবং তাঁর ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করে।

ভুক্তভোগী মহিলা বাগসেওয়ানিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ ওঠে। পাঁচ দিন পেরিয়ে গেলেও কোনো পদক্ষেপ না নেওয়ায় তিনি মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে যোগাযোগ করেন। পরবর্তীতে বজরং দলের সদস্যদের সহায়তায় তিনি পুনরায় থানায় যান।

চাপের মুখে পুলিশ মহিলার বয়ান রেকর্ড করে তদন্ত শুরু করে। অভিযুক্ত চালককে মহম্মদ মুস্তাকিন হিসেবে চিহ্নিত করা হয়েছে, যে ভোপালের কারোন্দ এলাকার বাসিন্দা। বাগসেওয়ানিয়া থানার ইনচার্জ অমিত সোনি জানিয়েছেন, মহিলার অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্তের মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপ চ্যাট পরীক্ষা করে ডিজিটাল প্রমাণ সংগ্রহের কাজ চালাচ্ছে। তবে পুলিশি তথ্য অনুযায়ী, অভিযুক্তকে এখনও গ্রেপ্তার করা হয়নি।

অ্যাপ-ভিত্তিক পরিবহন পরিষেবায় মহিলা যাত্রীদের নিরাপত্তা ও গোপনীয়তা নিয়ে এই ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, সংগৃহীত প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *