শীতের পোশাক সংরক্ষণে জরুরি কিছু টিপস

শীতের শেষে সোয়েটার, জ্যাকেট বা শাল আলমারিতে তুলে রাখার আগে কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। সঠিক উপায়ে সংরক্ষণ না করলে উলের পোশাকের আকৃতি নষ্ট হতে পারে এবং ধুলাবালিতে ক্ষতি হতে পারে।

পোশাকের ধরন অনুযায়ী তাক নির্দিষ্ট করুন। প্রতিদিনের ব্যবহারের পোশাক হাতের কাছে রাখুন এবং কম প্রয়োজনীয় পোশাক ওপরের তাকে সরিয়ে দিন। এতে আলমারি গোছানো থাকবে এবং প্রয়োজনের সময় পোশাক খুঁজে পেতে সুবিধা হবে।

মোটা সোয়েটার হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখা উচিত নয়, কারণ নিজের ওজনেই কাঁধের অংশ ঢিলে হয়ে আকৃতি নষ্ট হতে পারে। তাই সোয়েটার সবসময় ভাঁজ করে বা রোল করে তাকের ওপর রাখুন। তবে ভারী জ্যাকেট, ব্লেজার বা কোট হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখাই ভালো।

মাফলার, টুপি বা গ্লাভসের মতো ছোট অনুষঙ্গ আলাদা বাক্স বা অর্গানাইজারে রাখুন যাতে হারিয়ে না যায়। আলমারিতে জায়গা কম থাকলে ভ্যাকুয়াম স্টোরেজ ব্যাগ ব্যবহার করা যেতে পারে, তবে উলের পোশাক দীর্ঘ সময় চেপে রাখা ঠিক নয়। ব্যবহারের আগে নির্দেশিকা দেখে নেওয়া উচিত।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, কোনো পোশাকই না ধুয়ে আলমারিতে তুলে রাখবেন না। ভালোভাবে পরিষ্কার ও শুকিয়ে তবেই ভাঁজ করে রাখুন। আলমারির তাক নিয়মিত পরিষ্কার করলে পোশাকে দুর্গন্ধ বা স্যাঁতসেঁতে ভাব হওয়ার আশঙ্কা কমে। এই কৌশলগুলো মেনে চললে শীতের পোশাক দীর্ঘ সময় ভালো থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *