Asian Games 2026: এশিয়ান গেমসে ভারতের রূপোলি সূচনা! ১০ মিটার এয়ার রাইফেল টিমের প্রথম পদক জয় – এবেলা

এবেলা ডেস্কঃ
September 20, 202610:33 am
২০২৬ এশিয়ান গেমসের প্রথম দিনেই দুর্দান্ত সাফল্য পেল ভারত। শুটিং দিয়ে পদক অভিযান শুরু করে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল টিম ইভেন্টে রৌপ্য পদক নিশ্চিত করল ভারতীয় দল। তিন তারকা শুটার সোনম মাসকার, এলাভেনিল ভালারিভান এবং বিদর্সা কোচালুমকাল বিনোদের ধারাবাহিক পারফরম্যান্সে ভর করেই এই সাফল্য এল।
জাপানের সঙ্গে হাড্ডাহাড্ডি টক্কর রবিবার ইভেন্ট শুরুর পর থেকেই চিন, ভারত, জাপান ও কোরিয়ার মধ্যে পদকের লড়াই চরম রূপ নেয়। ১৯০৪.২ পয়েন্ট তুলে সোনার পদক নিজেদের নামে করে চিন। তবে সবচেয়ে রোমাঞ্চকর লড়াই হয় দ্বিতীয় স্থানের জন্য। ভারতীয় দল মোট ১৮৯৮.০ পয়েন্ট তুলে রুপো নিশ্চিত করে। মাত্র ০.৯ পয়েন্টের ব্যবধানে ভারতকে কড়া টক্কর দেওয়া জাপান (১৮৯৭.১ পয়েন্ট) ব্রোঞ্জ নিয়ে সন্তুষ্ট থাকে।
কোরিয়ার হাতছাড়া সুযোগ একপর্যায়ে পদকের দৌড়ে বেশ শক্ত অবস্থানে ছিল দক্ষিণ কোরিয়াও। কিন্তু ম্যাচের শেষ দিকে তাদের পারফরম্যান্স গ্রাফ নামতে শুরু করে। বিশেষ করে কোরিয়ান শুটার চো উনবেয়লের শেষ সিরিজে পয়েন্ট পড়ে যাওয়ায় ভারত দ্বিতীয় স্থান ধরে রাখার সুবর্ণ সুযোগ পেয়ে যায়।
সামনে আরও পদকের প্রত্যাশা প্রথম দিনেই শুটিং দল রুপো এনে দেওয়ায় ভারতীয় অলিম্পিক দলের আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গেল। ১০ মিটার এয়ার রাইফেলের টিম ইভেন্টের এই সাফল্যের পর এবার নজর থাকবে ব্যক্তিগত ইভেন্টগুলির পাশাপাশি অন্যান্য রাইফেল, পিস্তল ও শটগান ক্যাটাগরির দিকে। ক্রীড়াপ্রেমীদের আশা, আগামী দিনগুলিতে ভারতীয় শুটারদের হাত ধরে আরও বেশ কয়েকটি পদক দেশে আসবে।
