EM বাইপাসে বড় বদল: নীল-সাদা রঙ সরিয়ে কেন এল হলুদ-কালো? জানুন কারণ – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা: রাজ্যের পালাবদলের পর ধর্মতলা থেকে শুরু করে শহরের বিভিন্ন চত্বরে রাস্তা, ডিভাইডার ও ব্যারিকেডের রঙে বড় পরিবর্তন এসেছিল। দীর্ঘদিন ধরে সরকারি বিভিন্ন সম্পত্তি ও ফুটপাতে নীল-সাদা রঙের আধিক্য দেখা গেলেও, এবার তার অন্য চিত্র ধরা পড়ল খাস কলকাতায়। কলকাতার লাইফলাইন খ্যাত ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে (EM Bypass) নীল-সাদাকে সরিয়ে শুরু হয়েছে নতুন রঙের প্রলেপ। বাইপাস সংলগ্ন ব্যারিকেড ও ডিভাইডারে এখন নজর কাড়ছে হলুদ, কালো ও সাদার নতুন রূপ।
কেন এই রঙের পরিবর্তন?
ট্রাফিক ব্যবস্থাপনার সঙ্গে জড়িতদের মতে, হলুদ ও কালো রঙের কনট্রাস্ট বা বৈসাদৃশ্য অন্যান্য রঙের তুলনায় অনেকটাই বেশি। এর ফলে যেকোনো ধরনের তীব্র আলো, কুয়াশা বা খারাপ আবহাওয়াতেও এই রঙগুলো খুব সহজেই দূর থেকে চোখে পড়ে। দৃশ্যমানতা (Visibility) বেশি থাকায় গোটা বিশ্বজুড়েই ট্রাফিক পরিচালনায় এই রঙের ব্যবহার অত্যন্ত জনপ্রিয়। সেই বৈজ্ঞানিক দিকটি মাথায় রেখেই কলকাতার প্রধান রাস্তায় এই পরিবর্তনের সূচনা হয়েছে।
কড়াকড়ি ও পরিচ্ছন্নতা অভিযান
শুধু রঙের পরিবর্তনই নয়, শহরকে পরিচ্ছন্ন ও জঞ্জালমুক্ত রাখতে রাজ্যজুড়ে চলছে জোরদার নজরদারি। শহরকে সুন্দর রাখতে গত ১ সেপ্টেম্বর থেকে একাধিক কড়া নিয়ম চালু করেছে প্রশাসন। যত্রতত্র জঞ্জাল ফেলা, ফুটপাথ দখল, বেআইনি পার্কিং কিংবা রাস্তায় থুতু ফেলার মতো ঘটনায় কঠোর জরিমানার বিধান করা হয়েছে। শহরের রাস্তাঘাট ঝকঝকে রাখতে প্রশাসনের এই পদক্ষেপে এবার নতুন রঙের ছোঁয়া বাড়তি মাত্রা যোগ করল।
