Mahalaya Traffic Alert: মহালয়ায় কলকাতায় বিরাট ট্রাফিক কড়াকড়ি! কোন কোন রাস্তায় নো এন্ট্রি? জেনে নিন একনজরে – এবেলা

এবেলা ডেস্কঃ
মহালয়ার দিন রাজ্যে জাঁকজমকপূর্ণভাবে সূচনা হতে চলেছে শারদোৎসবের। পরিকল্পনা অনুযায়ী, ওই দিন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইডেন থেকে বাংলার সবচেয়ে বড় উৎসবের সূচনা করতে পারেন। এছাড়া রেড রোডে একটি রোড শো হওয়ারও সম্ভাবনা রয়েছে। ভিড় সামলাতে এবং সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ১০ অক্টোবর মহালয়ার দিন কলকাতার ট্রাফিক ব্যবস্থায় একাধিক কড়াকড়ি ও পরিবর্তনের কথা ঘোষণা করেছে কলকাতা পুলিশ।
হাইলাইটস
- মহালয়ার দিন ভোর ৪টে থেকে শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় পণ্যবাহী গাড়ির প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
- কোন কোন রাস্তায় থাকবে ‘নো এন্ট্রি’? কলকাতা ট্রাফিক পুলিশের নির্দেশিকায় কী বলা হয়েছে?
- জরুরি পরিষেবা ছাড়া সাধারণ লরির উপর থাকবে কড়া নজরদারি।
পণ্যবাহী গাড়ির ওপর কড়া বিধিনিষেধ
পুলিশের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ১০ অক্টোবর রাত ৩টে থেকে রাত ১০টা পর্যন্ত কলকাতা পুলিশ এলাকার ভিতরে শহরের ভেতর পণ্যবাহী গাড়ি ঢোকার ক্ষেত্রে বিধিনিষেধ থাকবে। তবে এলপিজি সিলিন্ডার, সিএনজি, পেট্রোলিয়াম, অক্সিজেন, লুব্রিক্যান্ট, সবজি, ওষুধ, ফল, মাছ এবং দুধ বহনকারী গাড়িগুলির ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না।
পাশাপাশি, ১৬০০ কেজির বেশি নয়—এমন ছোট পণ্যবাহী গাড়িগুলি (যেমন টাটা এসের মতো ছোট চার চাকা) বিকেল ৪টে থেকে চলাচলের অনুমতি পাবে।
কোন কোন রাস্তায় থাকবে নিষেধাজ্ঞা?
মহালয়ার দিন ভোর ৪টে থেকে বিকেল ৪টে পর্যন্ত একাধিক প্রধান রাস্তায় ভারী ও পণ্যবাহী গাড়ির চলাচলে লাগাম টানা হয়েছে:
- স্ট্র্যান্ড রোড ও সেন্ট জর্জেস গেট রোড: রাজা উডমন্ট স্ট্রিট ও হেস্টিংস ক্রসিংয়ের মধ্যবর্তী অংশে পণ্যবাহী গাড়ি নিষিদ্ধ।
- প্রধান সংযোগস্থলসমূহ: গণেশ টকিজ ক্রসিং, গিরিশ পার্ক ক্রসিং, মানিকতলা ক্রসিং, বিধান সরণি ও গ্যালিফ স্ট্রিট ক্রসিং সহ উত্তর ও মধ্য কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ ক্রসিং থেকে উত্তরমুখী ভারী গাড়ি নিয়ন্ত্রণ করা হবে।
- নির্দিষ্ট রাস্তা: বিটি রোড, কাশীপুর রোড, স্ট্র্যান্ড ব্যাঙ্ক রোড, শোভাবাজার স্ট্রিট এবং নিমতলা ঘাট স্ট্রিট দিয়েও নির্ধারিত সময়ে পণ্যবাহী গাড়ি চলাচল করতে দেওয়া হবে না।
বিশেষ ট্রাফিক ডাইভারশন
কিরণ শঙ্কর রায় রোড ও স্ট্র্যান্ড রোডের ক্রসিং থেকে দক্ষিণ দিকে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এছাড়া বাবুঘাট রুটের বাসগুলিকে হেয়ার স্ট্রিট ও স্ট্র্যান্ড রোডের ক্রসিং থেকে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হবে। শহরের গঙ্গার ঘাটগুলির কাছাকাছি এলাকায় অতিরিক্ত ভিড় এড়াতে ট্রাফিক পুলিশ পরিস্থিতি অনুযায়ী যে কোনো সময় রাস্তা পরিবর্তন বা ডাইভারশন করতে পারে। ভ্রমণের আগে ট্রাফিক আপডেট দেখে বের হওয়াই শ্রেয়।
