SIR নিয়ে মতবিরোধের জল্পনা ওড়াল নির্বাচন কমিশন, দাবি সব সিদ্ধান্তই হয়েছে সর্বসম্মতভাবে – এবেলা

SIR নিয়ে মতবিরোধের জল্পনা ওড়াল নির্বাচন কমিশন, দাবি সব সিদ্ধান্তই হয়েছে সর্বসম্মতভাবে – এবেলা

এবেলা ডেস্কঃ

বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের অভ্যন্তরে মতবিরোধের জল্পনা সম্পূর্ণ খারিজ করল কমিশন সূত্র। সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসের এক রিপোর্টে দাবি করা হয়েছিল যে, কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশী SIR সংক্রান্ত বিভিন্ন নির্দেশ ও নিয়ম পরিবর্তন নিয়ে গত ১০ মাসে অন্তত ১৪ বার লিখিত আপত্তি জানিয়েছিলেন। তবে সমস্ত অভিযোগ উড়িয়ে কমিশন সূত্রের পাল্টা দাবি, ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারির পর থেকে কমিশনের সমস্ত সিদ্ধান্তই সর্বসম্মতভাবে নেওয়া হয়েছে এবং কোনো কমিশনারই ভিন্নমত প্রকাশ করেননি। নতুন ভোটারদের নাম যুক্ত করার Form 6 প্রক্রিয়াতেও কোনো পরিবর্তন আনা হয়নি বলে কমিশনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে।

SIR হলো মৃত, ভুয়ো ও একাধিক স্থানে থাকা ভোটারদের নাম চিহ্নিত করার একটি আইনি ও প্রতিষ্ঠিত বিকেন্দ্রীভূত প্রক্রিয়া, যার সঙ্গে প্রায় ২৫ হাজার ERO এবং AERO যুক্ত রয়েছেন। কমিশনের দাবি, এত বিপুল সংখ্যক আধিকারিকদের মধ্যে কেউ কোনো অভিযোগ করেননি এবং সুপ্রিম কোর্টও এই প্রক্রিয়া বন্ধের নির্দেশ দেয়নি। রাহুল গান্ধীর বেলা এস্টেটের ৭২৭ ভোটারের নাম বাদ পড়ার অভিযোগ কিংবা গোয়ার ৯৭ ভোটারের বিষয়টিতে প্রযুক্তিগত ও যাচাইকরণজনিত ব্যাখ্যার কথা তুলে ধরেছে কমিশন। বাদ পড়া ১১ কোটি নাম পুনরায় ফেরানোর যে দাবি উঠেছে, তার জবাবে জানানো হয় যে যাচাই প্রক্রিয়া চলা আর চূড়ান্ত বাদ পড়া সম্পূর্ণ ভিন্ন বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *