অনুমতি ছাড়াই যন্তর মন্তরে তাণ্ডব! পুলিশের জালে দুই দাপুটে নেতা, ঠাঁই হলো সোজা তিহার জেলে – এবেলা

এবেলা ডেস্কঃ
দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তর চত্বরে প্রশাসনিক অনুমতি না নিয়ে অনুপ্রবেশ করার অভিযোগে চরম অস্বস্তিতে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। সূত্রের খবর, বিধিনিষেধ অমান্য করায় দলের হেভিওয়েট নেতা সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে আটক করে দিল্লি পুলিশ। পরবর্তীতে ঘটনার গুরুত্ব বিচার করে তাঁদের আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়। এই হাইভোল্টেজ ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আইনি প্রসেস শেষে বুধবার দুই জনতা পার্টি নেতাকে দিল্লির বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে সশরীরে হাজির করা হলে এক নাটকীয় মোড় নেয় পুরো বিষয়টি।
আদালতে সওয়াল-জবাব চলাকালীন পুলিশ দাবি করে, ওই দুই নেতা মুক্ত থাকলে এলাকায় পুনরায় শান্তি ও আইন-শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার চরম আশঙ্কা রয়েছে। পুলিশি যুক্তির ভিত্তিতে আদালত সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে ৫ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে সরাসরি তিহার জেলে পাঠানোর নির্দেশ দেয়। এই মামলায় অজিঙ্ক্য শিন্ডে নামে অন্য এক অভিযুক্তকে মুচলেকা স্বাক্ষর করিয়ে জামিন দেওয়া হয়েছে। যদিও অভিযুক্তদের আইনজীবী অভীষ্ট হেলে পুলিশি দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন। এই টানটান রাজনৈতিক নাটক ঘিরে রাজধানী জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
