আকাশছোঁয়া দামের ইঙ্গিত! মূল্যস্ফীতি নিয়ে কপালে চিন্তার ভাঁজ RBI-এর – এবেলা

এবেলা ডেস্কঃ
বাজারে ফের দাম বাড়ার অস্বস্তি! মূল্যস্ফীতি নিয়ে কপালে চিন্তার ভাঁজ রিজার্ভ ব্যাঙ্কের
দেশের সাধারণ মানুষের পকেটে টান পড়ার ইঙ্গিত দিয়ে ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য মূল্যস্ফীতির পূর্বাভাস বৃদ্ধি করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। মুদ্রানীতি কমিটির সাম্প্রতিক বৈঠকের পর গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন, চলতি অর্থবর্ষে গড় মূল্যস্ফীতি ৪.৬ শতাংশের পরিবর্তে ৫.১ শতাংশে পৌঁছাতে পারে। বাজারের অস্থিরতা ও বিশ্ব পরিস্থিতির নিরিখে কেন্দ্রীয় ব্যাঙ্কের এই সংশোধিত পূর্বাভাস পণ্যমূল্য বৃদ্ধির স্পষ্ট অশনিসংকেত বলেই মনে করছেন অর্থনীতিবিদরা।
কেন বাড়ছে মূল্যস্ফীতির আশঙ্কা?
মূল্যস্ফীতির এই ঊর্ধ্বমুখী প্রবণতার পেছনে একাধিক কারণকে চিহ্নিত করেছে শীর্ষ ব্যাঙ্ক। আন্তর্জাতিক বাজারে সাপ্লাই চেন বা সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটা, জ্বালানি তেলের দামের অনিশ্চয়তা এবং বিশ্বজুড়ে পণ্যমূল্যের অস্থিরতা দেশের অভ্যন্তরীণ বাজারে চাপ সৃষ্টি করছে। এর পাশাপাশি আবহাওয়া সংক্রান্ত ঝুঁকির বিষয়টিও বিশেষ গুরুত্ব পেয়েছে। বিশেষ করে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বৃষ্টিপাতের অনিশ্চয়তা এবং ‘এল নিনো’ (El Niño) পরিস্থিতির প্রভাব ফসলের ফলন ও খাদ্যপণ্যের দামের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তৃতীয় ত্রৈমাসিকে বড় ঝুঁকির হাতছানি
রিজার্ভ ব্যাঙ্কের নতুন তথ্য অনুযায়ী, বছরের প্রতিটি ত্রৈমাসিকেই মূল্যস্ফীতির হার আগের পূর্বাভাসের তুলনায় বেশি থাকবে। এর মধ্যে সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হতে পারে তৃতীয় ত্রৈমাসিকে (Q3), যেখানে মূল্যস্ফীতি ৫.৯ শতাংশে পৌঁছাতে পারে। এটি কেন্দ্রীয় ব্যাঙ্কের বেঁধে দেওয়া সহনশীলতার উপরের সীমার খুব কাছাকাছি। যদিও বর্তমান মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রার নিচেই রয়েছে, তবুও পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে RBI। মুদ্রাস্ফীতির এই ঊর্ধ্বমুখী ঝুঁকির কারণে আগামী দিনে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র এবং পরিষেবার খরচ সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
